March 6, 2026
স্টাফ রিপোর্টার : সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি ও নতজানু অবস্থানের কারণেই বিজিবির(বর্ডার গার্ড বাংলাদেশ) নায়েক আবদুর রাজ্জাককে অপহরণের ঘটনাটি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান। গতকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে অল কমিউনিটি ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে মিয়ানমার অপহরণ করে নেয়ার সাতদিন পার হয়ে গেলেও সরকার এখনো তাকে ফিরিয়ে আনতে পারেনি। এর একটাই কারণ, সেটি হলো সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি ও নতজানু অবস্থান। দেশে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজত্ব চলছে অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, সরকারের লোকজন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আয় করছেন। আর সেই টাকার বৈধতার জন্য সংসদকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সরকারের লোকজন কালো টাকা সাদা করার জন্য মহান সংসদকে ব্যবহার করছেন। আর সংসদে মিথ্যাকে সত্য করে দিচ্ছেন। তা হলে সংসদের নীতি-আর্দশ আজ কোথায়? বিএনপির বিরুদ্ধে ষড়ষন্ত্র চলছে উল্লেখ করে সিনিয়র এই নেতা বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়ষন্ত্র চলছে। দলের মধ্যে থেকে যাঁরা ষড়ষন্ত্র করছেন তাদেরকে চিহ্নিত করারও আহবান জানান তিনি।
তিনি বলেন, যতোই ষড়ষন্ত্র হোক যাঁরা জিয়াউর রহমানের আর্দশকে লালন করেন সেই বিএনপিকে কখনো ধবংস করা যাবে না, সম্ভবও নয়। মাহবুবুর রহমান বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভয়ের কিছু নেই। বিএনপি ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবেই।
অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এইচ এম আবদুল হালিম, অ্যাডভোকেট আহমদ আজম খান, বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।