April 22, 2026
জাতীয় স্মৃতিসৌধে গাড়ি নিয়ে ঢুকতে না দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে প্রটোকল মানার শিক্ষা দিলেন কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তারা। নিরাপত্তাকর্মীদের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় সত্ত্বেও কোনো লাভ না হওয়ায় এসময় তাঁকে পায়ে হেঁটেই স্মৃতিসৌধে প্রবেশ করতে হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান দীপু মনি। মন্ত্রীরা নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে গেলেও প্রধানম্ন্রতীর নিরাপত্তা কর্মকর্তারা আটকে দেন দীপু মনির গাড়ি। কিন্তু গাড়ি নিয়েই ভেতরে প্রবেশে অনড় থাকেন তিনি এবং না নেমে কয়েকজনকে ফোন করেন। এসময় নিরাপত্তাকর্মীদের সাথে তাঁর কথা কাটাকাটিও হয়। শেষে বাধ্য হয়ে প্রধান ফটকে গাড়ি রেখেই সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীপু মনির গাড়িতে চালকসহ আরো তিনজন ছিলেন। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা গাড়ি থেকে তাদের নামতে দেননি। গাড়ি থেকে নেমে দীপু মনি একাই হেঁটে স্মৃতিসৌধের দিকে যান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সবার শেষে। এর আগে বেলা ১১টার কয়েক মিনিট আগে স্মৃতিসৌধে গিয়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। প্রধানমন্ত্রী আগে এবং পরে মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দীপু মনি স্মৃতিসৌধে যখন পৌঁছান, তখন সবার শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে।
এদিকে গাড়ি থেকে দীপু মনি নেমে যাওয়ার পর দ্রুত গাড়িটি সেখান থেকে সরিয়ে ফেলতে চালককে নির্দেশ দেন নিরাপত্তা কর্মকর্তারা। গাড়ির চালক গাড়িটি বেশি দূরে না নিয়ে স্মৃতিসৌধের গেটের পাশে পার্ক করলে ক্ষিপ্ত হয়ে এক নিরাপত্তা কর্মকর্তা গাড়ির চালককে কড়া ভাষায় শাসান। গাড়িটি যেন সবার শেষে বের হয়, তা নিশ্চিত করতে নির্দেশও দেওয়া হয় সেখানে কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তাকে।