February 22, 2026
ঢাকা: ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রাজধানীর মতিঝিল ও যাত্রাবাড়ি থানার পৃথক তিন মামলায় জামিন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা আদালত। সোমবার জামিন আবেদনের উপর শুনানি শেষে মহানগর দায়রা আদালত মো. জহুরুল হক জামিনের আবেদনগুলো নামঞ্জুর করেন। গত বছরের ১২ নভেম্বর ১৮ দলীয় জোটের কর্মসূচি চলাকালে যাত্রবাড়ি এলাকার রায়েরবাগে একটি সিএনজি স্টেশনের সামনে একটি যাত্রীবাহী গাড়িতে গান পাউডার দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আট জন যাত্রী দগ্ধ হয়। এ ঘটনায় ঢাকার যাত্রাবাড়ি থানায় পৃখক দুটি মামলা করা হয়। এছাড়াও গত বছরের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ঘটনায় পুলিশ সদস্য শাহজাহান নিহত হওয়ায় মামলায়ও খোকাকে গ্রেফতার দেখানো হয়।
গত বছরের ৪ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে উত্তরার ১৫ নম্বর রোডের একটি বাসা থেকে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। সেই থেকে তিনি কারাগারে আটক আছেন।