April 20, 2026
খুলনা থেকে: বাংলাদেশের করা প্রথম ইনিংসে ৪৩৩ রানের পর ভালই জবাব দিচ্ছে সফরকারী জিম্বাবুয়ে। হ্যামিলটন মাসাকাদজার শতকে তারা ১১২ ওভার শেষে ৩৩১ রান তুলে দিন শেষ করেছে। হাতে রয়েছে আরো পাঁচ উইকেট। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে পিছিয়ে ১০২ রান। ব্যাটিং ক্রিজে ১৫৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করবেন মাসাকাদজা। আর তাকে সঙ্গ দিতে নামবেন ৭৫ রান করা রেগিস চাকাভা। বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। আগের দিনের এক উইকেটে ৫৩ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। ৩১তম ওভারের শেষ বলে তাইজুলের দ্বিতীয় শিকারে আউট হন ওপেনার চারি। ব্যক্তিগত ২৫ রান করে মিড অফে তামিমের তালুবন্দি হন চারি। আউট হওয়ার আগে মাসাকাদজার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন তিনি। এরপর মধ্যাহ্ন বিরতির আগে জিম্বাবুয়ে করে ১৪০ রান। বিরতির পরে স্কোর বোর্ডে আর ১১ রান উঠতেই সাকিব ফেরান টেইলরকে। ব্যক্তিগত ৩৭ রান করে সাকিবের বলে শর্ট লেগে মুমিনুলের হাতে ধরা দেন টেইলর। আউট হওয়ার আগে মাসাকাদজার সঙ্গে ৬৭ রানের একটি জুটি গড়েন টেইলর। এরপর সাকিবের দ্বিতীয় শিকারে আউট হন আরভিন। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর সাকিবের হুঙ্কারে দলের পঞ্চম উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। তিনি চিগুম্বুরাকে শর্ট লেগে মুমিনুলের ক্যাচে পরিণত করেন। চিগুম্বুরাকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পান সাকিব। ক্রমেই জিম্বাবুয়ের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা সাকিব ঘূর্ণিতে নাজেহাল হওয়ার পরও এক প্রান্ত আগলে রেখে হ্যামিলটন মাসাকাদজা টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন। এটি বাংলাদেশের বিপক্ষে তার তৃতীয় শতক। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত একটি ইনিংসও ছিল তার। চা পানের বিরতির আগে ৫ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করে ৫ উইকেটে ১৩১ রান। ব্যাটিং ক্রিজে অপরাজিত ছিলেন টেস্ট ক্যারিয়ারে চতুর্থ শতক হাঁকানো মাসাকাদজা। জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাটিং উদ্বোধন করতে আসেন সিকান্দার রাজা এবং ব্রায়ান চারি। ষষ্ঠ ওভারে তাইজুলের ঘূর্ণিতে এলবির ফাঁদে পড়েন সিকান্দার রাজা। আউট হওয়ার আগে তিনি ১১ রান করেন। এর আগে স্বাগতিক বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তুলে ৪৩৩ রান। টাইগারদের ওপেনার তামিম ইকবাল এবং দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শতকে প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে খুলনা টেস্টে ভালো ভাবেই ব্যাট হাতে জবাব দিয়েছে মুশফিকবাহিনী। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে তামিম তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক (১০৯) করেন। এছাড়া টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক করেন সাকিব আল হাসান (১৩৭ রান)।