March 13, 2026
ডেস্ক রিপোর্ট : তিউনিশিয়ায় শুক্রবার একটি সৈকত অবকাশ কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিবর্ষণে একাধিক বিদেশীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে।
রাজধানী তিউনিশের ১৪০ কিলোমিটার দক্ষিণে সুসে এলাকার একটি হোটেলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার কারণে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী আরুই বলেন, হামলায় একাধিক পর্যটকসহ ২৭ জন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের জাতীয়তার পরিচয় জানাননি।
তিনি বলেন, মারহাবা হোটেলে চালানো এই হামলা ‘একটি সন্ত্রাসী হামলা’। তিনি জানান, ‘হামলাকারীকে হত্যা করা হয়েছে’।
গত মার্চে তিউনিশের বারদু ন্যাশনাল মিউজিয়ামে এক হামলায় ২১ বিদেশী পর্যটক ও এক পুলিশ সদস্য নিহত হওয়ার কয়েক মাস পরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটলো।
২০১৩ সালে সুসের একটি সমুদ্র সৈকতে এক ব্যর্থ হামলায় এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছিল। এছাড়া নিরাপত্তা বাহিনী কাছাকাছি স্থানে আরও একটি হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।