May 26, 2026
কয়েকদিন আগেই শেষ হল বিশ্বকাপ ক্রিকেট। তার রেশ কাটতে না কাটতেই শুরু হতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান ওডিআই সিরিজ। আগামী ১৭ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ইতিমধ্যে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে এক উইকেটে হেরেছে পাকিস্তান। প্রত্যাশার পারদ তাই এখন বেড়ে তুঙ্গে অবস্থান করছে। বাংলাদেশ- পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা এখন সবজায়গায়। পিছিয়ে নেই তারকারাও। কে কি ভাবছে এই ম্যাচ নিয়ে তার উপরই একটি অনুসন্ধান চালিয়েছে বাংলামেইল। পাঠকদের জন্য তা এখানে তুলে ধরা হল-
ফেরদৌস ওয়াহিদ (কণ্ঠশিল্পী): সেই ১৯৯৯ সালের পর পাকিস্তানের সঙ্গে আমাদের আর কোন জয় নেই। আশাকরি এবার সেই আক্ষেপ ঘুচবে। শুধু আগামীকালের ম্যাচ নয়, বাংলাদেশ এবার প্রত্যেকটি ম্যাচ জিতবে বলে মনে করি আমি। শুভকামনা বাংলাদেশ।
ইলিয়াস কাঞ্চন (অভিনেতা): কালকের ম্যাচে বাংলাদেশ জিতুক তাতো আমি মনে প্রানে চাই।আমাদের দেশের ছেলোর ভালো খেললেতো আমাদের দেশেরই সুনাম।যদিও আমি কালকের প্রস্ততি ম্যাচটি দেখিনি।তারপরও শুনে বেশ ভালো লেগেছে যে বাংলাদেশ জিতেছে।তাদের এ ধারাবাহিকতা ধরে রাখা উচিত।তা না হলে তো কোন লাভ নাই।বাংলাদেশ পাকিস্তান ম্যাচ যেহেতু তাই আমাদের দেশপ্রেমের একটি বিষয়ও কাজ করবে।সবমিলিয়ে বাংলাদেশ কালকের ম্যাচটি জিতুক।বাংলাদেশের দামাল ছেলেরা যদি তাদের মাঠের খেলায় গর্জে উঠতে পারে আমার এটুকু বিশ্বাস বাংলাদেশ কালকের ম্যাচে জিতবে।
সামিনা চৌধুরী (কণ্ঠশিল্পী): একটা ভালো গানের জন্য যেমন গীতিকার, সুরকার, শিল্পীর মধ্যে ভালো বোঝাপড়া প্রয়োজন ঠিক তেমনি খেলায় জয় পাওয়ার জন্যও দলের সকল খেলোয়াড়ের মাঝে ভালো বোঝাপড়া প্রয়োজন। আশাকরি বাংলাদেশ দলের সবাই কাল নিজের সেরা খেলা উজাড় করে দেবে এবং পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে আনবে। শুভকামনা রইলো বাংলাদেশ দলের প্রতি।
মিশা সওদাগর (অভিনেতা) :প্রস্তুতি ম্যাচকে ওভাবে গুরুত্ব দেওয়ার কিছু নেই।বিশ্বকাপে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচগুলোতে খারাপ খেলেছে।কিন্তু মূল ম্যাচগুলোতে ভালো করেছে।এবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আরও ভালো খেলবে।তারা আর বলারের নাম শুনলে ভয় পাবে না।বিশেষ করে বর্তমান যিনি কোচ তিনিতো দারুণ প্রশিক্ষন দিচ্ছেন।ব্যাটিং বলিং ফিল্ডিং থেকে শুরু করে সব জায়গাতে তারা দারুণ করছে।প্রস্তুতি ম্যাচে সৌম্য আর সাব্বিরতো অসাধারন খেলেছে।সর্বোপরি প্রস্তুতি ম্যাচে যত ভালো খেলুকই না কেন মূল ম্যাচে তাদের প্রমান করতে হবে।যে আমরা ভালো করতে পারি।খেলায় হার জিত থাকবে তবে কালকের ম্যাচে বেশ ভালো ধরনের একটি প্রতিযোগিতা হবে।
ওমর সানি (অভিনেতা) :বাংলাদেশের যত ধরনের খেলা আছে তার মধ্যে ক্রিকেটের প্রতি সবচেয়ে বেশী ভালোবাসা রয়েছে সাধারন মানুষের।বাংলাদেশ বেশ ভালো করছে।বিশেষ করে বিশ্বকাপের কথা না বললেই নয়।তারপরও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পরিসংখ্যান অত বেশী ভালো না।অনেক বেশী ম্যাচ তাদের সঙ্গে হেরেছি আমরা।যাও জিতেছি তাও অনেক দিন আগে।তবে যত যাই কিছু হোক না কেন?মাঠের খেলাই মূল কথা।বাংলাদেশের ১৬ কোটি মানুষ যা চায় আমিও তাই চাই।বাংলাদেশ ভালো খেলুক।এছাড়া অনেক না য়ের মধ্যে একটি হ্যাঁ সূচক ম্যাচ বের হয়ে আসুক।
তাহসান (কণ্ঠশিল্পী এবং অভিনেতা): এই সিরিজে বাংলাদেশই ফেবারিট। দলের সবাই সবার জায়গা থেকে সেরাটা উপহার দিলে পাকিস্তানের সঙ্গে জয় পাওয়াটা কঠিন কোন কাজ হবে না। আমার কাছে মনে হয় সিরিজ বাংলাদেশ জিতবে এবং তা ৩-০ ব্যবধানে। বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের জন্য শুভকামনা রইলো।
চঞ্চল চৌধুরি (অভিনেতা): পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেক বেশী।বাংলাদেশের এখন যে পরিমান ক্রিকেটিয় শক্তি আমার বিশ্বাস যে বাংলাদেশ কালকের ম্যাচটি জিতবে।পাকিস্তান অনেক বড় একটি দল ঠিক আছে।কিন্তু বাংলাদেশ যদি তার শক্তি সামর্থ যদি ঠিকভাবে মাঠে দেখাতে পারে।তাহলে পাকিস্তানকে হারানো বাংলাদেশের পক্ষে অত বেশী কঠিন হবে না।পাকিস্তান থেকে অনেক বড় বড় দলকে বাংলাদেশ হারিয়েছে।বাংলাদেশের ক্রিকেটারদের সেধরনের ক্রিকেটীয় শক্তি বা সামর্থ রয়েছে।
ইমরান (কণ্ঠশিল্পী এবং সংগীতপরিচালক): প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে হেরেছে পাকিস্তান। সুতরাং আগামীকালের ম্যাচে যে বাংলাদেশই ফেবারিট এটা নিঃসন্দেহে বলা যায়। আমি মনে করি শুধু আগামীকালের ম্যাচই নয়, বাংলাদেশ এই সিরিজ জিতবে ইনশাল্লাহ।
আরেফিন শুভ (অভিনেতা): বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে জিতেছে খুবই ভালো কথা।কিন্তু কালকের যে ম্যাচ তাতে আমাদের জিতবে হবে।প্রস্তুতি ম্যাচে জেতার মধ্যে ঐ ধরনের গর্বের কোন বিষয় নেই।তবে বাংলাদেশের প্রতি আমার দৃঢ় বিশ্বাস কালকের ম্যাচে বাংলাদেশ জিতবে।বিশেষ করে বাংলাদেশের বর্তমান খেলার যে অবস্থা তাতে যেকোন ধরনের ভালো কিছু করা সম্ভব।এজন্য আমরা মুখে যতকিছুই বলি না কেন লাভ হবে না।তারা যদি মাঠে ভালো খেলে তাহলে আমরা গর্ব করে বলতে পারব যে বাংলাদেশের ক্রিকেটারার আসলেই দারুণ ভালো খেলে।তবে বাংলাদেশের জন্য শুভ কামনা থাকবে।
পড়শী (কণ্ঠশিল্পী): একটা কথাই বলতে চাই। এই সিরিজে বাংলাদেশের জয় ছাড়া আর কিছুই চিন্তা করতে পারছি না। পাকিস্তানের সঙ্গে সম্প্রতি বেশকয়েকটি ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। আশাকরি এর পুনরাবৃত্তি ঘটবে না। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইলো।