May 6, 2026
ঢাকা: মেডিকেল কলেজে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা ও ফলাফল বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালীন সময়ে তারা জানতে পারে মেডিকেলে ভর্তির ফলাফলে সুযোগ পাওয়া পরীক্ষার্থীদের ভর্তির খবর পেয়ে আন্দোলনরত পরীক্ষার্থীরা ঢামেক হাসপাতালে যান। এ সময় পরীক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এডিসি (রমনা) ইব্রাহিম খান বলেন, শহীদ মিনারে আন্দোলনকারীরা হঠাৎ দৌড়ে মেডিকেল কলেজের সামনে চলে এসে ভেতরে ঢোকার চেষ্টা করে। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
