May 25, 2026
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে এ নিয়ে হতাশার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রায় ৮০ শতাংশ পরীক্ষার্থী এই পরীক্ষায় পাস মার্ক তুলতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই ফলাফল ঘোষণা করেন। গত শুক্রবার ১,১৭০ আসনের বিপরীতে ৪৮ হাজার ৫৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৯ হাজার ৯০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সে হিসেবে পাসের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬১ শতাংশ। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমসে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd/ থেকে ফল জানতে পারবেন। এসএমএসে ফল জানতে যে কোন মোবাইল অপারেটর থেকে GA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। গত শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। ওই পরীক্ষায় মোবাইলে এসএমএসের মাধ্যমে জালিয়াতির চেষ্টার অভিযোগে আট শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয়া হয়।