April 18, 2026
ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা করা হবে বুধবার। এ তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাজধানীর হাইর্কোট এলাকায় অবস্থিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইবুনাল এর চারদিকে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে ইতিমধ্যে বিজিবিসহ, পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশের প্রতিটি ইউনিটকে যে কোন ধরনের নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধ করতে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, সামগ্রিকভাবে নিরাপত্তা মূলক পরিস্থিতি মুল্যায়ন করা হয়েছে এবং সেই সাথে সকল নিরাপত্তা বাহিনীকে কড়া নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ঢাকা মহানগর রমনা এলাকার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাইব্যুন্যালকে ঘিরে কোন প্রকার নাশকতা যাতে না ঘটতে পারে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা গ্রহন করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপিত হয়েছে।