April 4, 2026
ঢাকা: ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত উপায় খুঁজতে ডিসেম্বরে ‘ঢাকা অ্যাপারেল সামিট’ করবে বিজিএমইএ। সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করবেন। সম্মেলন চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।” সম্মেলন আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যায় ব্যবসায়ী এই নেতা বলেন, “২০১৩-১৪ অর্থবছরের পরিসংখ্যান অনুযায়ী গার্মেন্ট খাত থেকে আমাদের বার্ষিক রপ্তানি আয় প্রায় ২৫ বিলিয়ন ডলার।
“২০২১ সালের মধ্যে একে আমরা ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। আমরা কিভাবে এই লক্ষ্য অর্জন করতে পারি তা সামিটের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।”
তিনদিনের আয়োজনে মোট ৯টি সেমিনার হবে জানিয়ে তিনি বলেন, এনভায়রনমেন্ট সাসটেইনিবিলিটি, ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড সাসটেইনেবল প্রোডাকশন, রি-ইনভেনটিং দ্য অ্যাপারেল মডেল, ওয়ার্কপ্লেস ট্রাংকুয়ালিটি প্রভৃতি বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব আলোচনায় অংশ নেওয়ার কথা বলে জানান আতিকুল ইসলাম।
তিনি বলেন, “তাজরীন এবং রানা প্লাজা ট্র্যাজেডির পর বিশ্ববাজারে আমাদের একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। আমরা এর পরিবর্তন চাই। এই সামিটে বিদেশের অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের বিভিন্ন কারখানাগুলো তাদের পরিদর্শন করানো হবে।
বিজিএমইএর সদস্য, সামিটের সহযোগী পৃষ্ঠপোষক আইএফআইসি, মার্কেন্টাইল এবং আল-আরাফা ব্যাংকের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।