March 5, 2026
আন্তর্জাতিক ডেস্ক : পোশাকগুলোতে বিয়ের পোশাকের সব বৈশিষ্টই ছিল- লম্বা ঝুল, পুরো লেয়ারের স্কার্ট, পুষ্পশোভিত সুঁচকর্ম, কুঁচি ও ঝিলিমিলি কাঁচলি সবই ছিল। পোশাকগুলোকে দেখে সিল্ক ও জরিন ফিতায় ডিজাইনারদের তৈরি পোশাকের মতোই মনে হবে। কিন্তু সেগুলো তা নয় বরং সবগুলো পোশাকই টয়লেট পেপারে তৈরি করা হয়েছে!
বুধবার নিউ ইয়র্কের চিপ চিক ওয়েডিংস টয়লেট পেপার ওয়েডিং ড্রেস কনটেস্টে পোশাকগুলো প্রদর্শিত হয়। প্রতিযোগীতার বিজয়ীর জন্য ১০ হাজার ডলার মূল্যমানের পুরস্কার রাখা হয়।
প্রতিযোগিতাটির সহ-আয়োজক লরা গওনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রতিযোগীতার মূল শর্ত ছিল, প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদেরকে তাদের পোশাকগুলো চারমিন নামের টয়লেট পেপার দিয়ে তৈরি করতে হবে। এছাড়া যে কোনো ধরনের টেপ, আঠা এবং সুই-সুতোও ব্যবহার করা যাবে।’
ব্যাইন ও গওনে নামের দুই বোন তাদের বিয়ে বিষয়ক সাইটের প্রচারণা চালানোর জন্য ওই প্রতিযোগীতার আয়োজন করেন। টয়লেট পেপার ব্র্যান্ড চারমিনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিযোগীতাটির ১১তম আসর অনুষ্ঠিত হয় সম্প্রতি।
এ বছর ক্লেইনফিল্ড নামের একটি বিয়ের পোশাক বিক্রয়কারী দোকানে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগীতার বিজয়ী ছিলেন, ডোনা পোপ ভিঙ্কলার। ডোনা ডিনার পার্টি ড্রেসের স্টাইলে একটি পোশাক তৈরি করেন। এতে একটি অপসারণযোগ্য জ্যাকেট, টপ হ্যাট ও বো টাই ছিল। ২২টি টিস্যু পেপার রোল অসংখ্য টেপ ও আঠা ব্যবহার করে তিন মাস সময় ব্যায়ে পোশাকটি তৈরি করেন ডোনা।
ডোনা বলেন, ‘আঠা আর টিস্যু পেপার মিলে এতোটা শক্ত হতে পারে আগে বিশ্বাসই করতে পারিনি। পোশাকটি তৈরির পর আমি সেটিতে ড্রামের মতো আঘাত করতে থাকি। পোশাকটি খুবই শক্ত হয়েছে। পোশাকটিতে কয়টি লেয়ার আছে তাও আমি জানি না। যতক্ষণ না নিশ্চিত হচ্ছিলাম টিস্যু পেপারগুলো একসঙ্গে থাকবে ততক্ষণ আমি শুধু তা বানিয়েই যাচ্ছিলাম।