April 19, 2026
ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম অনেক বেশি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ তারেক রহমানের সাথে জয়ের তুলনা করলে নিজেদের ক্ষতি করবে। কারণ তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর তারেক রহমান বাংলাদেশে থেকে দেশপ্রেম শিখেছেন, অপরদিকে জয় বিদেশে থেকে দেশপ্রেমের কথা বলছে।’ তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে তারেক রহমানকে দেশে ফিরে আনা হবে। আর কোনো শক্তিই তারেক রহমানকে বিমানবন্দরে আটকে রাখতে পারবে না।’ বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ‘তারেক রহমানকে হত্যার জন্য আন্তুর্জাতিকভাবে চক্রান্ত চলছে। এই চক্রটি বাংলাদেশ নেতৃত্ব শূন্য করার জন্য কাজ করছে। আর তাদের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি ও তারেক রহমান। এই চক্রটির মাধ্যমেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।’ বিএনপি ও জিয়া পরিবারের অস্তিত্বকে আওয়ামী লীগ ভয় পায় বলেই ক্ষমতাসীনরা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, ‘বায়াত্তর থেকে পঁচাত্তরের চেয়ে বর্তমান জনগণ বেশি অত্যাচারিত হচ্ছে। আর এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না।’ আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।