February 23, 2026
মিরপুর: ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আর মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দ্বাদশ এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে লড়বে মুশফিক বাহিনী। সোমবার সকাল সকাল অনুশীলনের নেমে পড়ে বাংলাদেশ দল। প্রায় তিন ঘন্টা অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন মুশফিকুর রহিম। আত্মবিশ্বাস ফিরে পাবার লড়াই না মান বাঁচানোর লড়াই। পাকিস্তানের বিপক্ষে মুশফিকদের লক্ষ্য কি জানতে চাইলে মুশফিক বলেন, ‘বাজে সময় পাড় করার পর একটি ম্যাচ লাগে নিজেদের ফিরে পেতে। সে ম্যাচে সবাই যদি ভালো শুরু করতে পারি এবং আমরা যদি ৩টি বিভাগেই ভালো করি তাহলে আমাদের জয়ের সম্ভাবনা থাকবে। আমরা সেদিকটাই ফোকাস করছি। ’ মুশফিক আরও বলেন, ‘সামনে টোয়েন্টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ভালো ম্যাচ খেলার দুটি সুযোগ আছে ।
আমরা যদি ৩টি বিভাগেই ভালো খেলি তাহলে অবশ্যই জয় পাবো।’ নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে ফিরছেন সাকিব আল হাসান। সাকিব ফেরাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের ভাষায়, ‘সাকিবের ফেরাটা আমাদের জন্য ভালো দিক। দল একটু ব্যালেন্স হবে। সবচেয়ে বড় কথা হলো, সে দলে থাকলে আমার উপর চাপ একটু কম থাকে। দলের জন্য সে সব সময়ই সহায়ক। ‘ দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদও। সোহাগ গাজীর পরিবর্তে রিয়াদ জায়গা পেয়েছেন। অফ ফর্মে থাকা রিয়াদ প্রসঙ্গে মুশফিক, ‘আশা অনুযায়ী সে (মাহমুদুল্লাহ) ভালো ব্যাটিং করতে পারেনি। কিন্তু বোলিংয়ে ভালো করেছে। আশা করছি এবার সে সবদিকেই ভালো পারফর্ম করবে।’ মুশফিক একটি বিষয় স্পষ্টভাবে জানান, পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা। সব দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের ক্রিকেটারদের আছে। শুধুমাত্র পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছে না বলে এখন ভালো ফলাফল আসছে না। এই মুহুর্তে যেকোন দলের সাথে খেলাকেই চ্যালেঞ্জিং হিসেবে ব্যাখ্যা করেছেন টাইগার দলপতি।