পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতের নিবন্ধন: ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার

Posted on February 14, 2013 | in আইন-আদালত | by

jamat-ecঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, নিবন্ধন বিষয়ে পর্যালোচনা করে জামায়াতের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নিবে ইসি।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতকে নিবন্ধনের ব্যাপারে অনেক সময় দেয়া হয়েছে। সময় দেয়ার একটা সীমা আছে। ইসির নির্দেশে জামায়াত যে গঠনতন্ত্র দিয়েছে তাতে কোনো কোনো ধারা আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা চিহ্নিত করতে নির্বাচন কমিশনের (ইমি ) আইন শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি জানান, সংবিধানের ৭, ৩৮ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৬৬ ধারার সঙ্গে জামায়াতের গঠনতন্ত্রে অসঙ্গতি রয়েছে। জামায়াতের গঠনতন্ত্র সংশোধনে এ পর্যন্ত চারবার চিঠি দেয়া হয়েছে। কখনো জামায়াত সন্তোষজনক কোনো জবাব দেয়নি।”

জামায়াতের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনের আলোকে কাজ করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ এইচ (নিবন্ধন বাতিলের এখতিয়ার ইসির) রয়েছে কমিশনের হাতে। আমরা এ বিষয়ে সচেতন। কাজ শুরু করেছি। কমিশন দেখবে, তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে আন্দোলনরত তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মের গণজাগরণের সঙ্গে ইসির একাত্মতা রয়েছে।

জামায়াতে ইসলামীকে ইতোমধ্যে কয়েকদফা দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য সময় দেয়া হলেও কৌশলে সাংঘর্ষিক কিছু ধারা রেখে দলটি সংশোধিত গঠনতন্ত্র ইসিতে জমা দেয় বলে জানান তিনি।

জাবেদ আলী বলেন, জামায়াতের গঠনতন্ত্রে প্রচলিত বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি বরাবরই করে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। ২১ জানুয়ারি বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে জামায়াত যুদ্ধাপরাধে যুক্ত ছিল- এমন পর্যবেক্ষণের পর তা জোরালো হয়।

ওই সময় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছিলেন, আদালতের আদেশ পেলে বিষয়টি দেখবে ইসি।

ইসি সূত্রে জানা যায়, বর্তমানে কমিশনে ৩৮টি নিবন্ধিত দল রয়েছে। ২০০৮ সালে ইসিতে নিবন্ধন পায় জামায়াত। নিবন্ধন বাতিল হলে নির্বাচনে অংশ নিতে পারবে না দলটি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে ইসি আবেদন আহ্বান করলে নতুন আরো ৪২টি দল নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদন করেছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud