February 18, 2026
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দখল অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য দখলদারদের প্রতি আহবান জানিয়েয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নইলে সরকার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভূমি মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ১ মাসের মধ্যে হল উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বেলা দেড়টার দিকে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরলে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে জগন্নাথকে বিশ্ববিদ্যালয় করার পর ২৭(৪) ধারার মাধ্যমে এটিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার চক্রান্ত হয়েছিল।বর্তমান সরকার সেই কালো ধারাকে বাদ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রেখেছে। ছাত্র হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০০ কোটি টাকা দিয়েছে।
তিনি আরও বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ছাত্রী হল নির্মাণ এবং একাডেমিক ২০ তলা ভবন নির্মাণ কাজ শুরু করা হবে। কেরানিগঞ্জে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমি ক্রয় সংক্রান্ত প্রকাশ করা হয়েছে। সরকারিভাবেও চেষ্টা করা হবে জমি অধিগ্রহণে। এদিকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বুধবারের জন্য আন্দোলন স্থগিত করে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন। বৃহস্পতিবার আন্দোলন চলবে কী না তা জানানো হয়নি। এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ওই এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের গাড়ি (ঢাকা মেট্রো-গ ১৩৭৫১৫) আটকে দেয়।
এসময় তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের দাবি সম্বলিত প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেন। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিতে ওই সড়ক দিয়েই আদালত পাড়ায় যাচ্ছিলেন। সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনের রাস্তায় সড়ক অবরোধ করে রাখে। পরে তারা সেখান থেকে পুরনো ঢাকার রায় সাহেববাজার মোড়ে অবস্থান নেয়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।