February 22, 2026
জবি প্রতিনিধি: বেদখল হওয়া হল উদ্ধার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। শহীদ আজমল হোসেন হল উদ্ধারের ঘোষণা দিয়ে সকাল ১০টার পর শিক্ষার্থীরা ইসলামপুর অভিমুখে রওনা হলে পথে পুলিশ তাদের আটকে দেয়। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দল ক্রাউন মার্কেট নামের ওই হলে নিজেদের ব্যানার ঝুলিয়ে আবার ফিরে আসেন।
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় ব্যবসায়ীরা ওই ব্যানার খুলে ফেলেন। শিক্ষার্থীদের হল দখলের ঘোষণা দেয়ায় সকাল থেকে ইসলামপুর এলাকার ব্যবসায়ীরা রাস্তায় ব্যানার নিয়ে অবস্থান করেন। বাণিজ্যিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের হল না করার দাবি জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। যদিও দুই পক্ষের মাঝে পুলিশ অবস্থান নেয়ায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা বাংলাবাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আশপাশের রাস্তায় দেখা দিয়েছে যানজট। সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।