February 17, 2026
টাঙ্গাইল : ময়মনসিংহের ত্রিশালে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া জেএমবি সদস্য রাকিব হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো, হাসিবুল আলম জানান, ছিনিয়ে আসামিদের নিয়ে দ্রুতগতিতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরের পিছের মাথা প্রশিকা নামক স্থানে গাড়িটি একটি সিএনজির ওপর উঠিয়ে দেয়। এ সময় গাড়িতে থাকা পলাতক আসামীরা পালিয়ে যায়। পরে কালো রঙ্গের একটি নোয়া (ঢাকা মোট্রো চ-১১-৬০৪৮) গাড়িতে থাকা জেএমবি সদস্য মো. জাকারিয়া (২৮) কে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৫টি হাতবোমাসহ আটক করা হয়। আটককৃত জাকারিয়ার বাড়ি চাপাইনবাবঞ্জের ঝিনাইপুর গ্রামে। এদিকে উপজেলার তক্তার চালা এলাকা থেকে গাজীপুর জেলার রাসেল (৩৫) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে রায়হান (৩০) কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে সখীপুর থানা পুলিশ।