May 2, 2026
বিনােদন ডেস্ক: রুনা খানছয় বছর বিরতির পর চলচ্চিত্রে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সরকারি অনুদানে নির্মিতব্য ‘ছিটকিনি’ চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ছবির পরিচালক সাজেদুল আউয়াল। ময়মুনা নামের এক পাথরশ্রমিকের জীবন-সংগ্রাম ঘিরে আবর্তিত হয়েছে ‘ছিটকিনি’ ছবির গল্প। এ প্রসঙ্গে রুনা বলেন, ‘মা হওয়ার পর তিন বছর ছোট পর্দায়ও কোনো কাজ করা হয়নি। তা ছাড়া ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। ‘‘ছিটকিনি’’ ছবির গল্প অনেক ভালো লেগেছে বলে কাজটি করতে রাজি হয়েছি। ভালো গল্প ও চরিত্র পেলে আমি সামনেও চলচ্চিত্রে কাজ করতে চাই।’ ‘ছিটকিনি’ ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠুসহ একদল মঞ্চকর্মী। ৩০ আগস্ট পর্যন্ত পঞ্চগড়ে ‘ছিটকিনি’ ছবির শুটিং চলবে। চলতি বছরের ডিসেম্বরে ছবির পরের অংশের শুটিং হবে ময়মনসিংহে। রাজিবুল ইসলামের ‘বালুঘড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় রুনা খান যাত্রা শুরু করেন ২০০৬ সালে। দুই বছর পর তিনি আশীষ খন্দকারের ‘বাথান’ ও রাজিবুল ইসলামের ‘উনাদিত্য’ ছবিতে অভিনয় করেন। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। অবশেষে ‘ছিটকিনি’ ছবির মাধ্যমে আবার চলচ্চিত্রে ফিরলেন রুনা খান।