April 4, 2026
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিচারপতিদের অভিশংসনের আইন পাসের মাধ্যমে চিরকাল ক্ষমতায় থাকার চিন্তা করছে সরকার।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
রফিকুল বলেন, বাকশাল বাতিল করে জিয়াউর রহমান শেখ হাসিনাকে আওয়ামী লীগ গঠন করার সুযোগ করে দিয়েছিলেন। তাই শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
১/১১’তে খালেদা ও হাসিনার ভূমিকা নিয়ে তিনি বলেন, হাসিনা তখন বিদেশে চলে গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া যাননি। খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। কিন্তু হাসিনা ঠিকই সেনা সরকারকে বৈধতা দিয়ে ক্ষমতায় বসেছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের জনক। তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারহীন ৫ জানুয়ারির পাতানো নির্বাচনে অংশ নেননি।
রফিকুল দাবি করেন, যদি খালেদা জিয়া ঐ নির্বাচনে অংশগ্রহণ করতো তবে দেশের গণতন্ত্র চিরকালের জন্য ধ্বংস হয়ে যেত।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মু. রহমতুল্লাহ।