February 23, 2026
চট্টগ্রামে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলে হারুন ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।
আসামিদের মধ্যে মুফতি ইজাহার ঘটনার পর থেকে পলাতক। অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ।
গত বছরের ৭ অক্টোবর নগরের লালখানবাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হন। ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ আইপিএসের চার্জার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবি করলেও পুলিশ ঘটনাস্থল থেকে চারটি তাজা হাতবোমা উদ্ধার করে।
এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন ও হত্যার অভিযোগে খুলশী থানায় তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে বিস্ফোরক মামলায় আজ অভিযোগপত্র দেওয়া হল।
মামলার তদন্ত কর্মকর্তা লোকমান হোসাইন জানান, বিস্ফোরক মামলায় মুফতি ইজাহার, তার ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ৪৬ জন সাক্ষী রয়েছেন।
মুফতি ইজাহারের আইনজীবী আবদুস সাত্তার জানান, রাজনৈতিকভাবে হয়রানি করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় মুফতি ইজাহার ও তার ছেলেকে জড়ানো হয়েছে।