February 22, 2026
বরিশাল ব্যুরো: মামলা তুলে নেয়ার জন্য বরিশাল নগরীতে রিপা অাক্তার নামে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করেছে প্রেমিক ও তার পরিবার। প্রায় ১১ ঘণ্টা তাকে বিদ্যুতের খুঁটিতে কোমর এবং দুই গাছের সঙ্গে দুই হাত বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত মঙ্গলবার সকালে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর তাকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে অাটক করেছে পুলিশ। রিপা আক্তার বাকেরগঞ্জ উপজেলার কুরুলিয়া গ্রামের চুন্নু আকনের মেয়ে। সে নগরীর সোনারগাঁও টেক্সটাইলে কাজ করতো। কোতোয়ালী মডেল থানা ওসি শাখাওয়াত হোসেন জানান, রিপা অাক্তার তার প্রেমিক মিঠুর বিরুদ্ধে জয়দেবপুর থানায় দুটি মামলা করেছিলো। মামলা তুলে নেয়ার জন্য তার ওপর নির্যাতন করলে খবর পেয়ে পুুলিশ মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারীরা পালিয়ে যায়। তিনি অারো জানান, রিপা মঙ্গলবার রাতে মামলা করার পর মিঠুর মা হোসনেঅারাকে অাটক করে বুধবার জেলে পাঠায়। বাকি নির্যাতনকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। লিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানায়, রিপা সোনারগাঁও টেক্সটাইলে কাজ করার সূত্রে ২৪নং ওয়ার্ডের ধান গবেষনা সড়কের একটি বাসায় ভাড়া থাকতো।
এসময় বাড়ির পাশের আলতাফ উদ্দিন শানু হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন মিঠুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে রিপা বিয়ের জন্য মিঠুকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর মিঠু ঢাকার গাজীপুরে চাকরি নিয়ে চলে যায়। রিপাও গাজীপুরের একটি সোয়েটার কারখানায় গিয়ে কাজ নেয়। সেখানে কয়েক মাস থাকার পর রিপাকে প্রেমিক মিঠু তার বন্ধুদের হাতে নির্যাতনের জন্য তুলে দেয়। জয়দেবপুর থানা পুলিশ রিপাকে উদ্ধার করে এবং মিঠুকে আটক করে। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত রিপাকে সেইভ হোমে এবং মিঠুকে জেল হাজতে পাঠায়। হাজতে প্রায় ২৪দিন কাটানোর পর মিঠু জামিনে বের হয়ে আসে। অপরদিকে রিপাকে তার মা সেইভ হোম থেকে বরিশালে নিয়ে আসে। মিঠু জামিনে বের হয়ে বরিশালে এসে সোমবার রাতে মোবাইল ফোনে রিপাকে বাড়িতে ডেকে আনে। এরপর সে মামলা তুলে নেয়ার জন্য রিপাকে হুমকি দেয়। একপর্যায়ে সোমবার রাত ১০টার দিকে মিঠু ও তার পরিবারের সদস্যরা রিপাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকালে রিপাকে পুুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। রিপা আক্তারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। সর্বশেষ খবর অনুযায়ী মিঠু পলাতক রয়েছে।