March 15, 2026
গাইবান্ধা প্রতিনিধি; গত কয়েক দিনের টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩০ পরিবারের বাস্তুভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত থেকে অতিবৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘাঘট, তিস্তা, ব্রহ্মপুত্রসহ নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় কুলবর্তী চরগুলো তলিয়ে যাচ্ছে। এসব চরে বসবাসকারী মানুষদের দুর্ভোগ বাড়ছে। আশ্রয়ণ কেন্দ্রসহ দুতীর দিয়ে বয়ে যাওয়া বেড়ি বাধগুলোতে আশ্রয় স্থল খুঁজছেন বন্যা কবলিত মানুষজন।
এদিকে কাপাসিয়া শ্রীপুর ইউনিয়নের পোড়ার চর নামক স্থানে নদী ভাঙ্গন দেখা দেয়ায় এ পর্যন্ত ৩০ পরিবারের বাস্তভিটা ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ঠ ইউনিয়নদ্বয়ের সদস্য রেজাউল করিম ও আব্দুল হামিদ সরকার বলেন-গত কয়েক দিন ধরে উক্ত চরে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে খইম উদ্দিন, রফিকুল, জালাল, তাজুল, সাদা, মেহেরবানু, মফিজ উদ্দিন, সাধা ও তোফাজ্জলসহ ৩০ পরিবারের বাস্তভিটা নদী গর্ভে বিলীন হওয়ায় এসব পরিবার দুর্বিসহ জীবন-যাপন করছেন।
এছাড়া ভাঙ্গন কবলে পড়েছেন আরও কয়েকশ পরিবার। এদিকে ভাঙ্গন কবলিত পরিবারগুলোর মাঝে কোন ত্রাণ সামগ্রী না পৌঁছায় এসব মানুষজন শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে চরম বিপদগ্রস্থ হয়ে পড়েছেন বলে জানান তাঁরা।