April 20, 2026
যশোর: যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সন্ধ্যায় তাকে ৬-৭ যুবক ধর্ষণ করে। রাতে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মা সাংবাদিকদের জানান, সোমবার বিকেল ৫টার দিকে তার মেয়ে গোড়পাড়া বাজারে যায় মোবাইল ফোনসেট মেরামত করতে। ওই সময় উপজেলার কেষ্টপুর এলাকার বাবু তার মেয়েকে বিয়ে করবে বলে স্থানীয় এক কাজীর অফিসে নিয়ে যায়। কাজী সাহেব তখন অফিসে ছিলেন না। এরপর তাকে স্থানীয় একটি মাঠের ভেতর মাছের ঘেরে নিয়ে যায়। ওই সময় তার সঙ্গে গাতিপাড়া গ্রামের ইউসুফ, সোহেল, তরিকুল ও লক্ষ্মণপুর গ্রামের জামিরসহ ৬-৭ জন ছিল। পরে ধর্ষকদের একজন তাকে বাড়ি পৌঁছে দেয়। শার্শা থানার ওসি আহমেদ রফিক বলেন, ঘটনা শুনে ফোর্স পাঠানো হয়। পুলিশ ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ইউসুফ, জামির, তরিকুল ও ফাইমুর নামে চারজনকে আটক করেছে। তবে, ঘটনার মূল হোতা বাবুকে এখনও আটক করা যায়নি। বাবুসহ অপর দুজনকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।