February 22, 2026
মাদারীপুর: অস্ত্রের মুখে গণধর্ষণের শিকার এক শিক্ষার্থী। দশ দিন পর এসএসসি পরীক্ষা। কি হবে ভেবে ক্লান্ত অভিবাবক। কিন্তু অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে ঠিকই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। এই ঘটনায় অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলায়। তার পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তারই স্কুল রাজৈর কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিক কুমার ধর। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর গ্রামে ওই শিক্ষার্থী অস্ত্রের মুখে গণধর্ষণের শিকার হন। আর এই ঘটনার মাত্র ১২ দিনের মাথায় দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ভোরে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আসার পর একটি নির্জন স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তদের শিকার হন। এ সময় একই গ্রামের ফেরদৌস শেখ, রোমান মিয়া ও অজ্ঞাত এক বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে তার মুখ বেঁধে পার্শ্ববর্তী গমক্ষেতে নিয়ে তাকে গণধর্ষণ করে এবং পালিয়ে যায়। এই ব্যাপারে ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাবা রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফেরদৌস শেখ, রোমান মিয়া এবং অজ্ঞাত একজনকে আসামি করা হয়।
মামলার সূত্র ধরে পুলিশ রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের কাজীকাঁঠাল গ্রামের পান্না কাজী নামের এক ব্যক্তিকে ওই ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান। এদিকে, এই ঘটনার শিকার ওই পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ভালো প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে ধীরে ধীরে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী এবং সবার দোয়াপ্রার্থী।