April 4, 2026
খুলনা প্রতিনিধি : কোত্থেকে তার খুলনায় আবির্ভাব, তা কারও জানা নেই। তবে তার আগমনে সবাই আনন্দিত। বিশেষ করে শিশুরা। পথচারী কিংবা আবাসিক এলাকার বাসিন্দা কাউকেই সে বিরক্ত করে না। কেউ কিছু খেতে দিলে সানন্দে তা গ্রহণ করে। বিনিময়ে হেলেদুলে দেখায় খেলা।
এটা কোনো মানুষের গল্প নয়। খেটে খাওয়া একটি হনুমানের গল্প। মধ্যবয়সী এ হনুমানটিকে বৃহস্পতিবার নগরীর বৈকালী ও শুক্রবার বয়রা এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে। যে পাড়ায় যাচ্ছে সেখানেই ভিড় জমছে দর্শনার্থীদের। বয়রা এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, এ হনুমানটি কোথা থেকে এসেছে তা কেউ জানে না। কয়েক মাস আগেও এ এলাকায় হনুমানটিকে দেখা গেছে। তিনি জানান, হনুমানটির জীবন-সংগ্রাম ভিন্ন। সে কাউকে কামড় দেয় না। যে খেতে দেয় তাকে খেলা দেখায়। ক্ষুধার্ত থাকলে মানুষের দ্বারে দ্বারে নানা ভঙ্গিতে খাবার চায়। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের মতে, ক্ষুধার তাড়নায় পুরুষ এ হনুমানটি যশোরের কেশবপুর থেকে খুলনায় এসেছে। এখানকার মানুষের ভালবাসা পেয়ে সে আর ফিরে যাচ্ছে না।
তিনি জানান, হনুমানটি বেশি পছন্দ করছে কলা ও রুটি খেতে।