May 2, 2026
ঢাকা: চিতই পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে দেয়া, এতে আবার ভিন্নধর্মী কী হলো? ব্যতিক্রমী ব্যাপার আছে বৈকি। কারণ এতে ব্যবহার করা হচ্ছে নারকেল দুধ। অনেকে কোরানো নারকেল ব্যবহার করেন। সেটা যেমন এক রকম স্বাদ, পিঠা তৈরিতে নারকেলের দুধ তেমনই ভিন্ন রকম আরেকটা স্বাদ। চলুন, জেনে নিই আফরিনা নাজনীনের দারুণ রেসিপি।
উপকরণ
চালের গুঁড়া (অর্ধেক পোলাওয়ের চাল + অর্ধেক আতপ চাল + একটু কুড়ানো নারকেল)
নারকেলের দুধ
লবণ
গরুর দুধ
গুড়
পিঠা তৈরির প্রণালি
-নারকেলের দুধ গরম করে নিন।
-সব উপকরণ একসাথে মিশিয়ে ব্যাটার (গোলা) করে ৩০ মিনিটের মতো রেখে দিতে হবে।
-এবার চিতই পিঠা বানানোর ছাঁচে (মাটির হলে ভালো) গোলা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে জ্বাল দিতে হবে।
-৩-৪ মিনিট এর মধ্যে হয়ে যাবে পিঠা। হয়ে গেলে নামিয়ে নিন।
দুধে ভেজাবার প্রণালি
-দুধ জ্বাল দিয়ে ঘন করে হালকা ঠাণ্ডা করে নিতে হবে।
-খেজুরের গুড় পানি মিশিয়ে জ্বাল দিতে নিতে হবে। এর মাঝে পীঠা দিয়ে ৭-৮ মিনিট জ্বাল দিতে হবে।
-চুলার জ্বাল বন্ধ করে একটু ঠাণ্ডা হলে জ্বাল দেয়া দুধ উপর থেকে পিঠার মিশ্রণে দিয়ে ৩০ মিনিট এর মতো রেখে দিতে হবে। চাইলে সারারাত রাখে দিতে পারেন। এতে পিঠা খুব সুস্বাদু হবে।
-পিঠা নরম হয়ে গেলে পরিবেশন করুন।