May 3, 2026
এম এ মানিক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালানোর সময় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে পল্লী ভবনের সামনে পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ছাড়া উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারের পল্লী ভবনের সামনে জনসংযোগ করছিলেন খালেদা জিয়া। এ সময় কয়েকজন যুবক কালো পতাকা নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরের দিকে যেতে থাকেন। এতে বাধা দেওয়ায় বিএনপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে এক যুবককে লাঠি হাতে খালেদা জিয়ার গাড়ির দিকে যান। সে সময় ওই যুবককে বাধা দেন বিএনপির নেতা-কর্মীরা।
পরে ওই যুবকেরা গাড়িবহরের কয়েকটি গাড়ির কাচ ভেঙে ফেলেন। এরা বিকেল ৫টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বের হন। বহরে থাকা ১০টি গাড়িতে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন। গতকাল রোববার উত্তরার বিভিন্ন সেক্টরে তাবিথের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন খালেদা জিয়া। এ সময় কয়েক দফায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়েন। গত শুক্রবার গুলশানের বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন খালেদা জিয়া। বর্ষবরণের দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে এসে প্রথম বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের জন্য ভোট চান খালেদা জিয়া। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য তাবিথ আউয়ালকে এবং দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মির্জা আব্বাসকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তাঁর পাশে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।