April 27, 2026
ঢাকা: নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতা নিজের ব্যর্থতার আগুনে দেশকে পোড়াতে চান বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে না যাবার খেসারত খালেদা জিয়াকে দিতে হবে। সোমবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খালেদা জিয়াকে ‘অশান্তি বেগম’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে একজন অশান্তি বেগম আছেন। তিনি মানুষের শান্তি দেখতে পারেন না। মানুষের শান্তি দেখলেই উনার অশান্তি শুরু হয়ে যায়। তিনি নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন। পারেন নি। এখন তাকে নির্বাচনে না যাবার খেসারত দিতে হবে। ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় বিএনপি নেতার মাথা খারাপ হয়ে গেছে’ বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অনেক চেষ্টা করেছেন। পারেন নি। উনি বিচার চান না। কারণ উনার মন পড়ে আছে পেয়ারে পাকিস্তানে। শয়নে স্বপনে উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন। এ জন্যই তিনি যুদ্ধাপরাধীদের বিচার চান না।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কারো কাছে ভিক্ষা চাইবে না। কারো কাছে মাথা নত করবে না। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এ দেশকে কারো কাছে মাথা নত করতে দেবো না। ‘খালেদা জিয়া বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ’ বলে মন্তব্য করে তিনি বলেন, ’৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করি। খালেদা জিয়া ওই বিচার বন্ধের চেষ্ট করেছিলেন। পারে নি। এসময় তিনি ‘যুদ্ধাপরাধীদের বিচার সহ যারা সাতক্ষীরাকে রক্তাক্ত করেছেন তাদেরও বিচার হবে’ বলে হুঁশিয়ারি দেন।
শেখ হাসিনা বলেন, বিএনপির জন্ম একজন মিলিটারি স্বৈরশাসকের পকেট থেকে, যিনি বঙ্গবন্ধুর খুনিদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন। ‘রক্তাক্ত সাতক্ষীরা আর রক্তাক্ত থাকবে না’ মন্তব্য করে তিনি বলেন, জামায়াত-শিবির ও বিএনপির আঘাতে যাদের বাড়িঘর ভেঙ্গেছে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়ার জন্য বিজিবিকে দায়িত্ব দিয়েছি।
আগামী মাস থেকে দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা ৫ হাজার টাকা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।