February 18, 2026
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তওবা পড়ার পরামর্শ দিয়েছেন দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘আপনি দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন তওবা পড়েন। ৫ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন এবং এখন তার মাশুল দিচ্ছেন।’ তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের ও জনগণের স্বার্থে।
সেই রাজনীতির নামে প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা, এটা কিসের স্বার্থে।’ গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।’ তবে ডেপুটি স্পিকার দাবি করেন যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলনের নামে নৈরাজ্য করে দেশের জনগণ কোনোদিন তাদের ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র এমপি হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মীর হোসেন আক্তার, হারুনুর রশীদ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।