April 5, 2026
নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিরুপ প্রভাব পড়েছে। আর সেই খালেদার সন্ত্রাসে উজ্জীবিত হয়েই সিলেটের কিশোর সামিউলকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা ও তার পুত্রের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে। খালেদা জিয়ার হুকুমেই ঘুমন্ত মানুষকে পেট্রলবোমায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। যার নেতিবাচক প্রভাব সমাজে লক্ষণীয়।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফখরুলের জামিন চান কি না সন্দেহ আছে। বিএনপির স্থায়ী কমিটির অস্থায়ী সদস্যদের নিয়ে যে বৈঠক হলো সেখানে উনি (খালেদা) ভাঙনের সুর দিয়েছেন। তাদেরকে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে গিয়ে মন্ত্রী হন। লজ্জা থাকলে তাদের (বিএনপি নেতাদের) বিএনপি ছেড়ে দেওয়া উচিত। খালেদা জিয়া চাইছেন, ২১ আগস্ট তারেক জিয়ার সঙ্গে যারা গ্রেনেড হামলায় জড়িত ছিলেন, তাদের পাশে রাখতে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, হজ নিয়ে আপনি রাজনীতি করবেন না। ওমরা পালনের নামে সৌদি আরবে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়াই ছিল আপনার উদ্দেশ্য। সে ষড়যন্ত্র ভেস্তে গেছে।
নারাণগঞ্জ জেলা শাখার প্রজন্মলীগের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।