April 20, 2026
স্টাফ রিপোর্টার: ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ম করামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। তার এই লড়াই আজ থেকে নয় সেই এরশাদের আমল থেকে শুরু হয়েছে। গণতন্ত্র রক্ষায় সেই লড়াই আজও চলছে। সরকারের সমালোচনা করে বলেছেন, শুনতে পাচ্ছি আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দিয়ে দেশটাকে পুলিশি রাষ্ট্র বানাতে যাচ্ছে সরকার। তাহলে আমরাও আরো ৫লাখ কর্মী বাড়াবো। সারাদেশে দল পুর্নগঠনের কাজ শুরু হয়েছে। দ্বিতীয়বার শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে খালেদা জিয়া সহযোগিতা করেছিলেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য নানা ভাবে লোভ, ভয় ভীতি দেখানো হয়েছিল। এমনকি তার দুই ছেলেকে প্রানে মেরে ফেলার হুমকীও দেয়া হয়েছিল। তবুও সেদিন খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যদি যেতেন তবে আজও দেশে ফিরে আসতে পারতেননা। তিনি নিজে বিদেশে না গিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ তৈরী করে দিয়েছিলেন। যেভাবে ১৯৮১ সালে জিয়াউর রহমান তাকে দেশে আসার ব্যাবস্থা করেছিলেন।