April 20, 2026
ফুলবাড়ী প্রতিনিধিঃ: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একই পরিবারের নারী শিশুসহ তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। ভারতের দিল্লির ইট ভাটায় দীর্ঘদিন কাজ করে দালালের মাধ্যমে ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের শূন্য রেখায় প্রবেশ করলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। গতকাল রাত সাড়ে ৯টায় উপজেলার খলিশাকোটাল সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার আজোয়াটারী গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী হাজরা বেগম(৪০), মোসলেম উদ্দিনের বিবাহিত কন্যা মনজু বেগম(২৬), এবং মনজু বেগমের ১০ মাস বয়সের শিশু কন্যা আফসানা। বিজিবি, সীমান্তবাসী এবং আটককৃতদের পরিবারের সদস্য মোসলেম উদ্দিন জানান, ওই সীমান্তের মেইন পিলার ৯৩৪/৮ এস এর নিকট দিয়ে ১৪ জনের একটি শ্রমিকের দল শূন্য রেখায় প্রবেশ করলে ভারতের দিনহাটা থানার ১২৪ বসকোটাল বিওপির (বর্ডার আউট পোষ্ট) বিএসএফ তাদের কয়েক রাউন্ড রাবারবুলেট নিক্ষেপ ও ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ তাদের ধরে বসকোটাল বিওপিতে নিয়ে যায়। অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ওই সীমান্তের পাচারকারী দালাল রশিদুল হক, মজনু মিয়া ও মন্ডল এবং ভারতের করলা গ্রামের পচা মিয়া, একরামুল, আবুবকর এবং আটক মনজু বেগমের স্বামী ধাপরাহাটের আতারুল হকের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে ওই দলটি ছয় মাস আগে ওই দুই সীমান্ত দিয়ে ভারতে যায় এবং তাদের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসার পথে এ ঘটনা ঘটে।
মনজু বেগমের বাবার বাড়ী জোয়াটারী হলেও বিয়ে হয় ভারতের ধাপরার হাটের আতারুল হকের সাথে। সেই সুবাদে তারা মানব পাচারকারী (দালাল) হিসেবে কাজ করে। এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র বালারহাট বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ধরে নিয়ে যাওয়া ওই তিন বাংলাদেশিকে ফেরত চেয়ে মৌখিকভাবে বিএসএফকে জানানো হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে আটককৃতদের থানায় সোর্পদ করা করা হয়েছে।