May 4, 2026
স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের জনসভায় উপস্থিত হয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকাল ৩টা ৪০ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। এর আগে সকাল ১১টায় গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হন বিএনপি চেয়ারপারসন। এরপর যাত্রাবাড়ী ফ্লাইওভার, কাঁচপুর ব্রিজ, রূপগঞ্জ, নরসিংদী, ভৈরব হয়ে বেলা আড়াইটায় কিশোরগঞ্জ পৌঁছান। জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে জনসভা মঞ্চে উপস্থিত হন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সড়ক পথেই ঢাকায় ফিরবেন তিনি।
সমাবেশস্থলে লাখো মানুষ

কিশোরগঞ্জে লাখো জনতার ঢলে ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে সমাবেশস্থল। এরপরও জনসভায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন। জনসভামুখী জনতার ঢল নেমেছে শহরের প্রতিটি সড়কে। মঞ্চে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে জনতাকে মাতিয়ে রাখছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেক সিনিয়র নেতা কিশোরগঞ্জে এসে পৌঁছেছেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জনসভা আয়োজন কমিটির আহবায়ক মো. শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় বিএনপিসহ ২০ দলীয় জোটের অন্যান্য শরীক দলসমুহের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম, খুন, গুপ্তহত্যা বন্ধ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় এ সভা শুরু হয়। স্থানীয় নেতৃবৃন্দের পর ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তৃতা করবেন। খালেদা জিয়া বিকাল ৪টায় বক্তৃতা শুরু করবেন বলে জানা গেছে।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে কিশোরগঞ্জ শহরকে। ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত ৫৬ কিলোমিটারের মহাসড়কের পথে পথে নির্মাণ করা হয়েছে ছয় শতাধিক তোরণ। জেলার প্রধান প্রধান সড়কের মোড়ে মোড়ে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, পোস্টার। সড়কের দু’পাশে আলোকসজ্জার পাশাপাশি সড়ক দ্বীপগুলোতে শোভা পাচ্ছে বর্ণিল প্রতিকৃতি। গুরুদয়াল কলেজ মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে তৈরি করা হয়েছে ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের সুবিশাল মঞ্চ। প্রায় তিন সপ্তাহ ধরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে জনসভা সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।