April 22, 2026
ঢাকাঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সব কারাগারে রেডিও ও সার্কিটযুক্ত যেকোনো ধরনের ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কারা অধিদফতর।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির কারা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা জারির কথা সোমবার রাতে জানান।
তিনি বলেন, ১০ দিন আগে থেকে কেন্দ্রীয় কারাগারে রেডিও বন্ধ করে দেওয়া হয়েছে। আর সার্কিটযুক্ত কোনো ডিভাইস নিয়ে কারাগারে প্রবেশ আগে থেকেই নিষিদ্ধ ছিল।
কারা অধিদফতর সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভেতর থেকে কারাবন্দিরা যেন বাইরে কোনোভাবে যোগাযোগ স্থাপন না করতে পারেন, সেজন্য সবোচ্চ সতর্ক এখন সব কারাগার কর্তৃপক্ষ।
বিভিন্ন সময়ে কারাগার থেকে মোবাইল ও এ জাতীয় ডিভাইস পাওয়া যাওয়ায় এ ব্যাপারে এমন কড়াকড়ি আরোপ করা হলো।
সূত্রটি আরও জানায়, এ কড়াকড়ির পাশাপাশি সব কারাগারে বিশেষ নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও বেশি তৎপর হয়েছে কারা গোয়েন্দা টিমও। উৎসঃ টাইম নিউজ