April 18, 2026
ঢাকা: রাজধানীর কাঁচাবাজারগুলোতে বিভিন্ন পণ্যের দাম আগের সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। ফলে পণ্যের দাম অনেকটা স্বাভাবিক বলেই মনে করছেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমনটিই জানা গেছে।
রাজধানীর কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতিহালি ব্রয়লার মুরগির লাল ডিমের পাইকারি দাম ২৮ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। প্রতি হালি সাদা ডিমের পাইকারি দর ৩৫ থেকে ৩৬ টাকা। যা খুচরা বাজারে ৪০ টাকা। প্রতি হালি হাঁসের ডিমের দাম পাইকারি বাজারে ৪০ টাকা। তবে খুচরা বাজারে তা ৪৪ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দর সপ্তাহের ব্যবধানে তেমন বাড়েনি।
মালিবাগ বাজারের ব্যবসায়ী মাসুদ মিয়া বাংলামেইলকে বলেন, ডিম গত সপ্তাহের দামেই কেনাবেচা হচ্ছে। কিছুদিন পর শীত বেশি বাড়লে ডিমের দাম কিছুটা নেমে আসবে।
পেঁয়াজের দাম খুচরা বাজারে প্রতি কেজি ৪২ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন আগের সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা কমলেও পেঁয়াজের দাম কমেনি।
শান্তিনগর কাঁচাবাজারের ব্যবসায়ী নূর আলম বাংলামেইলকে জানান, গত সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে। তবে এ সপ্তাহে আর বাড়েনি। তবে পেঁয়াজের দর কমবে কি না তা বুঝতে পারছি না।
ক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম যাতে আর না বাড়ে সেদিকে সরকারের দৃষ্টি দেয়া উচিৎ।
এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি সিম ২৫ থেকে ৩০ টাকা, পেঁপে ১০ থেকে ১৫ টাকা, করলা ২৫ থেকে ৩০ টাকা, শশা ২৫ থেকে ৩০ টাকা, জলপাই ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৪০ থেকে ৪৫ টাকা, পটল ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি প্রতিটি ১০ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১৫ থেকে ২৫ টাকা, কুমড়া ২৫ থেকে ৩৫ টাকা, মুলা ২০ থেকে ২৫ টাকায়, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, ঢেড়স ৩০ থেকে ৩৫ টাকা, বটবটি ২৫ থেকে ৩০ টাকা, মরিচ ৩৫ থেকে ৪০ টাকা, লাউ প্রতিটি (ছোট) ৩৫ থেকে ৪০ টাকা, লাউ (বড়) ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী বাজার থেকে প্রতি কেজিতে এসব পণ্যের দাম ৫ থেকে ১০ টাকা বেশি দেখা গেছে।
যাত্রাবাড়ী পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী নেতা নূরু হাজী জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তে কাঁচামাল আসছে। এসব পণ্য আমদানি দিন দিন বাড়ছে। যে কারণে এসব পণ্যের দাম মানুষের হাতের নাগালে রয়েছে। যদি কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা না থাকে তাহলে দাম আরো কমবে।
এছাড়া খুচরা বাজারে সবুজ শাকের আঁটি ৫ টাকা, লাউ শাক ১০ টাকা, লাল শাক ৫ টাকা, মূলা শাক ৫ টাকা, পুঁইশাক ৫ থেকে ১০ টাকা, ডাটা ১০ থেকে ১২ টাকা, কলমি শাক ৫ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি (সাদা) ১২০ টাকা থেকে ১৩০ টাকা এবং লাল মুরগি ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ২৮০ টাকা থেকে ৩০০ টাকা ও খাসির মাংস ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচা, হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজারের ব্যবসায়ীরা বলেছেন, শীতকালীন কাঁচা পণ্যের আমদানি ভালো, তাই দর হাতের নাগালে রয়েছে। তবে এসব পণ্যের দাম আরো কমবে বলে জানিয়েছেন তারা।
কয়েকজন ক্রেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ দেখা যাচ্ছে। সে হিসেবে এসব সবজি আরো কম দামে কিনতে পারলে ভালো হতো। তবে দাম আগের সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে।