April 22, 2026
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণার একদিন পর সেই নারী মারা গেলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জীবিত অবস্থায় ‘মৃত’ ঘোষণার পর শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় ‘সত্যিই’ মারা যান তিনি। তার মৃত্যুর খবরটিনিশ্চিত করেছেন ঢামেকের উপ-পরিচালক মুশফিকুর রহমান। তিনি বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অজ্ঞাতপরিচয়ে ওই নারী। চিকিৎসকরা এবার ওই নারীর আলট্রাসনোগ্রাম, ইসিজি, এক্স-রেসহ বেশ কয়েকটি পরীক্ষা করে পুরোপুরি নিশ্চিত হয়ে মৃত ঘোষণা করেছেন বলেও জানান মুশফিকুর। সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সঙ্গে ওই নারীর শরীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে তার নড়াচড়া লক্ষ্য করা যায় বলেও জানান ঢামেক উপ-পরিচালক। এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রথম দফায় তাকে ‘মৃত’ ঘোষণা করেন কর্তব্যরত চিকৎসকরা। ‘মৃত্যুর প্রমাণপত্র’ (ডেথ সার্টিফিকেট) ইস্যু হয় তার নামে। মরদেহও নিতে আসেন মর্গের লোকজন। কিন্তু মৃত ঘোষণার ঘণ্টা তিনেক পর জেগে উঠে ওই নারী সবাইকে চমকে দেন। এ ঘটনায় তোলপাড় চলে পুরো ঢামেকে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। শুক্রবার আলাপকালে তিনি এ দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, জীবিত নারীকে ‘মৃত’ ঘোষণার বিষয়টি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনামুল করিমকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট এলেই দোষী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জীবিত নারীকে মৃত ঘোষণা করায় নিজেও মর্মাহত হয়েছেন বলে দুঃখ প্রকাশ করেন ঢামেক পরিচালক।