April 30, 2026
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর শনিবার সকালে এক পশলা বৃষ্টি স্বস্তি দিয়েছে ঢাকাবাসীকে। সকাল ৮টার পরে রাজধানীতে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালের এই বৃষ্টির কারণে অফিসগামী এবং ঈদের বাড়িমুখো মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। ৯টার পর বৃষ্টি থামলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আশ্বিনের প্রথম সপ্তাহেও মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশে মোটামুটি সক্রিয় আর উত্তরাংশে কম সক্রিয়। এসময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বাড়তে পারে বৃষ্টিপাত।
গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব অঞ্চলে বেশ গরম অনুভূত হচ্ছিল। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, গত তিনদিন ধরে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার পাশাপাশি সাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ভারতের মহারাষ্ট্র এলাকায় অবস্থান করতে। এ জন্যে সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্কতাও নামিয়ে ফেলা হয়েছে।