May 8, 2026
ঢাকা : প্রধানন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসুন, সকল ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিতে সবাই একত্রে কাজ করি, তাহলেই বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে। আজ বুধবার রাজধানীর উত্তরায় আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বৃহত্তম ক্যান্সার হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার নব দিগন্তের সূচনা হলো। প্রধানমন্ত্রী জনগণের অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানকে জনগণের সেবায় উৎসর্গ করার জন্য আহছানিয়া মিশন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, আমি আশা করবো, সাধারণ মানুষ, বিশেষ করে ক্যান্সার রোগীরা যাতে অতি সহজে এবং কম খরচে এখানে চিকিৎসার সুযোগ পায় সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক দৃষ্টি রাখবে। প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটিকে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এবং ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা ও আহছানিয়া মিশন ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার রফিকুল হক। আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মিশনের উপদেষ্টা সৈয়দা দীনা হক বক্তব্য রাখেন।