April 5, 2026
বিনােদন ডেস্ক: ঈদ-উল-ফিতরে মুক্তি পাচ্ছে না শাকিব খান ও পরীমনি অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমাটি। সিনেমার পরিচালক এস এ হক অলিক নিশ্চিত করেছেন, সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি। অলিক বলছেন, “সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। এ মুহূর্তে সিনেমাটি ভারতের একটি স্টুডিও ল্যাবে রয়েছে। ল্যাব থেকে আমাকে জানানো হয়েছে, ঈদের আগে সিনেমাটির কারিগরী দিকগুলো সম্পন্ন করা সম্ভব না। আমিও ভাবলাম তাড়াহুড়ো করব না। সিনেমাটি ১০০% পারফেক্ট করে তবেই মুক্তি দেব।”
রিয়াজ-পূর্নিমা জুটির ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো সিনেমার এই পরিচালক বলছিলেন, ঈদের পরই ভারতে গিয়ে তিনি সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন। তারপর ভালো একটি সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করবেন।
এদিকে ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে না বলে মন কিছুটা খারাপ হলেও হতাশ হননি পরী, “সিনেমাটি নিয়ে আমার অনেক আশা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা সিনেমাটির কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। আমি চাই না, আমার এই দারুণ সিনেমাটি অসম্পূর্ন অবস্থাতেই মুক্তি পাক। সিনেমাটির কাজ পরিপূর্ণভাবে শেষ হলে তবেই মুক্তি পাক। আমি হতাশ হইনি মোটেও।”
এবার ঈদ-উল-ফিতরে তাই অপু বিশ্বাস ও মাহিয়া মাহির সঙ্গে টক্কর দেওয়া হচ্ছে না পরীমনির। তবে ঈদ-উল-আযহায় তার কোনো একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে আভাস দিয়েছেন।
সিনেমার নায়ক শাকিব খানের বরাত দিয়ে পরিচালক অলিক গ্লিটজকে বলেছেন, “সিনেমাটি নিয়ে শাকিবেরও প্রত্যাশা ছিল। সে যখন শুনলো, সিনেমাটি আসছে না ঈদে, খুব মন খারাপই করেছে সে।”
‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমাটিতে শাকিব খান ও পরীমনি ছাড়া বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে ববি হককে। এ চরিত্রে অভিনয়ের কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু তিনি রাজি হননি।