February 2, 2026
ঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সাত হাজারের বেশি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যার সবগুলোই অবাধ ও সুষ্ঠু হয়েছে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয়ভাবে করার কথা ভাবছে সরকার। মঙ্গলবার সকালে দলের ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সদ্য সমাপ্ত পাঁচ দফা উপজেলা নির্বাচন সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনে দলের তৃণমূলের অবস্থা সম্পর্কে তাদের ধারণা হয়েছে। আগামীতে এর আলোকে তৃণমূলকে আরো শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বিএনপির সময় স্থানীয় সরকার নির্বাচনে অনেক দলীয় প্রভাব ছিল। তখন আমরা অনেক স্থানে প্রার্থী দিতে পারিনি। বিএনপি নির্বাচনে আগ মুহুর্তে কারচুপির অভিযোগ করলেও ফলাফলের পর চুপ করে রয়েছে। কারণ ফলাফল তাদের পক্ষে গেছে। আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো অপপ্রচার বন্ধ করুন, অপরাজনীতি ও মিথ্যাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।র
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দায়িত্ব পালন করায় নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সাবইকে ধন্যবাদ জানান তিনি।