February 17, 2026
টাঙ্গাইল: কারাগারে থাকা মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত জেএমবি সদস্যদের ছিনতাইয়ের পরিকল্পনা করা হয় ১৫ দিন আগে। এ জন্য তারা দুইটি নতুন মাইক্রোবাস কেনেন। রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইকালে তিনটি মাইক্রোবাস ব্যবহার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজ মাহমুদ রাকিব হাসান ও সহযোগী জঙ্গি জাকারিয়া এ তথ্য দিয়েছেন। রাকিব হাসান জামালপুর জেলার মেলান্দ থানার বংশীবেলতলী গ্রামের সোবহানের ছেলে। তিনি তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ তিন মামলার একটি মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন ও অন্যটিতে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলম এ বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, আসামিরা ছিনতাইয়ের পরিকল্পনার বিষয়টি ১৫ দিন আগের বললেও তা বিশ্বাস করা যায় না। এটি দীর্ঘদিনের পরিকল্পনা বলেই ধারণা পুলিশের।
সন্ধ্যায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এর আগে রোববার বিকেল পৌনে ৩টার দিকে সফিপুরের তক্তারচালা এলাকা থেকে পুলিশ ও র্যাব সদস্যরা রাকিবকে গ্রেফতার করে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি ও যাবজ্জীবনপ্রাপ্ত এক জঙ্গিকে ময়মনসিংহ আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে তাদের ছিনতাই করে একদল দুর্বৃত্ত। ছিনিয়ে নেওয়া জেএমবি জঙ্গিরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান, সালাউদ্দীন ওরফে সালেহিন ও রাকিব হাসান রাসেল।