April 22, 2026
থ্রিডি প্রযুক্তির স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রজন্মের এ স্মার্টফোন অবমুক্ত করবেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বজেস। ই-রিডারের পর স্মার্টফোন বাজারে প্রতিযোগাতায় নামতে যাচ্ছে অ্যামাজন।
স্মার্টফোনটিতে কিছু নতুন ফিচারের পাশাপাশি অ্যামাজন থেকে বাড়তি সুবিধা পাবেন গ্রাহকরা। অ্যামাজন থেকে বিনামূল্যে গান এবং ডাটা ডাউনলোড সুবিধা ছাড়াও সাইটটি থেকে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলে মোবাইলের ব্যালেন্সে যোগ হবে বিনামূল্যে টকটাইম। তবে অ্যামাজনের থ্রিডি স্মার্টফোনে কী কী ফিচার আছে সে ব্যাপারে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। দাম এবং ফিচার সম্পর্কে জানতে খানিকটা অপেক্ষায় রেখেছে অ্যমাজন। এদিকে অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকদের জন্য চমক নিয়ে আসছে অ্যামাজন থ্রিডি স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটির ডিসপ্লের মান এবং ত্রিমাত্রিক সুবিধায় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল ও স্যামসাং-এর চেয়ে এগিয়ে থাকবে অ্যামাজন। তবে শুরুতে অ্যাপল ও গুগলের অসংখ্য অ্যাপ্লিকেশন সমৃদ্ধ অ্যাপ স্টোর থেকে পিছিয়ে থাকবে অ্যামাজন। বিশেষজ্ঞরা বলছেন, অ্যামাজনের কিন্ডল ই-রিডার এবং কিন্ডল ট্যাবলেট বাজারে ছেড়ে খুব বেশি জনপ্রিয়তা না পেলেও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে পিছিয়ে নেই ডিভাইস দুটি। এখন দেখার বিষয় যে স্মার্টফোন অ্যামাজনের জন্য কতটা সফলতা বয়ে আনতে পারে।