March 4, 2026
মুজতাহিদ ফারুকী: সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সোচ্চার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আল-জাজিরাসহ কাতারের বিভিন্ন সংবাদমাধ্যম নিষিদ্ধ করার জন্য সৌদি আরবসহ বিভিন্ন আরব দেশ যে দাবি জানিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে।
সৌদি আরবসহ উপসাগরীয় আরব দেশগুলো কাতার সঙ্কট সমাধানের শর্ত হিসাবে শুক্রবার কাতারের কাছে ১৩ দফা দাবি জানিয়েছে। এর মধ্যে অন্যতম শর্ত হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাতারের কাছ থেকে অর্থ সহায়তা প্রাপ্ত আল-জাজিরা, আরাবি২১, আল-আরাবি আল-জাদিদ, মেকামেরিন এবং মিডল ইস্ট আই নামের সব সংবাদ মাধ্যমগুলো নিষিদ্ধ করতে হবে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা ডেস্কের প্রধান আলেক্সান্দ্রা এল-খাজেন বলেন, “উপসাগরীয় দেশগুলোর দাবি যদি কখনও বাস্তবায়ন করা হয় তাহলে তার পরিণতিতে যে জটিলতার সৃষ্টি হবে তা নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।”
এল-খাজেন প্যারিস থেকে আল-জাজিরাকে বলেন, “আমরা যে কোনও ধরণের সেন্সরশিপ এবং আরব বিশ্বের গণমাধ্যম অঙ্গনের বৈচিত্র্য ও বহুমতের প্রতিফলনের বিষয়টিকে হুমকির মুখে ঠেলে দেয়ার মতো যে কোনও ব্যবস্থা গ্রহণের বিরোধী।”
এদিকে যুক্তরাজ্যের জাতীয় সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট টিম ডাওসন উপসাগরীয় দেশগুলোর ‘দানবীয় শর্তের’ বিষয়ে ‘চরম আতঙ্ক’ প্রকাশ করেছেন এবং এই দাবি প্রত্যাহার করে নেয়ার জন্য সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছেন।
এল-খাজেন ওই দাবির ফলে উল্লেখিত গণমাধ্যমগুলোর কর্মীদের ওপর যে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
আল-জাজিরার প্রতিক্রিয়া
আল-জাজিরা ইংলিশ বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিলেস ট্রেন্ডল বলেন, “আল-জাজিরা বন্ধের দাবির কথা শুনে আমরা স্তম্ভিত। এ ব্যাপারে আগেও কথা হয়েছে কিন্তু সত্যি সত্যি লিখিত আকারে এমন দাবি জানানোর ঘটনা প্রকৃত অর্থেই বিরাট একটি আঘাত এবং তা বিস্ময়কর।” তিনি বলেন, “জার্মানি যদি ব্রিটেনকে বিবিসি বন্ধ করে দেয়ার দাবি জানায় তাহলে ব্যাপারটা যেমন হবে এটি তেমনই অবাস্তব।”
ট্রেন্ডল বলেন, আল-জাজিরা বস্তুনিষ্ঠতার সঙ্গে ও ভারসাম্যপূর্ণ উপায়ে বিশ্ব সংবাদ সম্প্রচারের মিশন অব্যাহত রাখবে।
তিনি বলেন, “আমরা সব সরকারের প্রতি সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানাই। আমরা আশা করি, অন্যান্য সংবাদ মাধ্যমও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার আমাদের আহবানে সমর্থন জানাবে।”
সূত্র: আল-জাজিরা