পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আরও মর্যাদাপূর্ণ আসনে দেশকে তুলে ধরবো

Posted on February 12, 2014 | in জাতীয় | by

Photo_PM_BG_155027633

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ আসনে তুলে ধরবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত প্রযুক্তিনির্ভর একটি মধ্যম আয়ের দেশে পরিণত করব । বুধবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তি, বিএনপি-জামায়াত-শিবির ও তাদের দোসররা দেশকে আর যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আনসারসহ প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের জনগণকে আরও সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তৃতীয়বারের মত দেশের জনগণ আমাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।’ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সাহস নিয়ে কাজ করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রতি সুশীল আচরণ করবেন। সমাজের অসহায় মানুষ বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল হবেন।”

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী আন্দোলনের নামে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সম্পত্তির উপর নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালায়। তাদের নির্মম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল ট্রেন ও রেললাইন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেলের নাশকতা রোধে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। ৫ জানুয়ারির নির্বাচনেও আনসার বাহিনী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এজন্য এ বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।

রেলগাড়ি ও রেললাইন রক্ষায় এ বাহিনীর ২ জন সদস্য নিহত ও তিন জন সদস্য গুরুতর আহত হয়েছেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময়ও একজন সদস্য নিহত এবং ২০ জন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই আনসার বাহিনীর উন্নয়ন ও কল্যাণে কাজ করেছে। ’৯৬ এর সরকারের সময় আনসার বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করা হয়। ব্যাটালিয়ন আনসারদের চাকরি ১৫ বছর পূর্ণ হলে তা স্থায়ী এবং পর্যায়ক্রমে চাকরি স্থায়ী হওয়ার মেয়াদ ৯ বছরে নামিয়ে আনা হয়।

এরইমধ্যে ১৩ হাজার ৯৭ জনের চাকরি স্থায়ী করা হয়েছে। তাদেরকে মূল বেতনের ৩০ভাগ হারে ঝুঁকিভাতা ও মহার্ঘ্য ভাতা প্রদান করা হচ্ছে। উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে। টাইমস্কেল, বিশেষ বিবেচনায় ২টি বার্ষিক বর্ধিত বেতন ও রেশনভাতা ৫০ থেকে ৮০ টাকায় উন্নীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি নতুন ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছি। ব্যাটালিয়নের সকল সদস্যকে ৭ দশমিক ৬২ সেন্টিমিটার অটোমেটিক রাইফেল দেওয়া হয়েছে। আশা করি, ব্যাটালিয়ন আনসার সদস্যরা এখন সকল বাহিনীর সাথে তাল মিলিয়ে কাক্সিক্ষত ভূমিকা রাখতে সক্ষম হবে। এ বাহিনীর কমান্ড কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনীতে পদোন্নতি প্রদানের পাশাপাশি পিসি, এপিসি সদস্যদের র‌্যাংক ও ব্যাজে সমতা আনা হয়েছে। গতবছর এ বাহিনীতে আরও ৬৭২ জন মহিলা আনসারের পদ সৃষ্টি সহ এসকল পদে মহিলা আনসারদের পদায়ন করা হয়েছে  প্রধানমন্ত্রী একটি জিপে করে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে প্রধানমন্ত্রী আনসার বাহিনীর চার সদস্যকে বাংলাদেশ আনসার পদক, একজনকে (মরণোত্তর) বাংলাদেশ আনসার পদক, সাতজনকে প্রেসিডেন্ট আনসার পদক ও একজনকে বাংলাদেশ ভিডিপি পদক, চারজনকে রাষ্ট্রপতির ভিডিপি পদক, পাঁচজনকে বাংলাদেশ আনসার সার্ভিসেস ( মরণোত্তর ) এবং ৪৯ জন আনসার সদস্যকে রাষ্ট্রপতির আনসার সার্ভিসেস পদক প্রদান করেন।  সকালে প্রধানমন্ত্রী আনসার একাডেমিতে এসে পৌঁছলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, বাংলাদেশ আনসার এবং ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দিন এবং একাডেমির কমান্ডেড দিলীপ কুমার বিশ্বাস প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ ,সংসদসদস্যবৃন্দ, কুটনীতিকগণ এবং সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমিতে একটি অফিসার্স মেস, একটি বহুমুখী প্রশিক্ষণ সেড ও একটি সুইমিংপুলের উদ্বোধন করেন। তিনি একাডেমীর অফিসার্স মেসে অফিসারদের উদ্দেশেও ভাষণ দেন। এছাড়া তিনি আনসার ভিডিপির সদস্যদের পরিবেশিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud