May 7, 2026
ঢাকা: গতকাল লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে খাবারের যে প্যাকেট দেয়া হয়েছিল, তাতে নিজের প্যাকেটে ইবনেসিনার কোনো স্যালাইন ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কালীমন্দিরে ১৯৭১ সালের ২৭ মার্চ রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রমের গণহত্যা দিবস উপলেক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গতকাল লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে খাবারের প্যাকেটে ইবনে সিনার স্যালাইন পাওয়া গেছে। তাহলে কি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সরকার আঁতাত করেছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমার খাবার প্যাকেটে কোন স্যালাইন পাইনি।গতকালের অনুষ্ঠানে বিএনপিকে ডাকা দেয়া হয়নি এমন দাবি ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অভিযোগ করছে আওয়ামী লীগ এককভাবে লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে মুক্তিযোদ্ধাদেরকেই দাওয়াত দেয়া হয়নি। তাদের এই অভিযোগ ভিত্তিহীন। এখানে কাউকেই দাওয়াত দেয়া হয়নি। সকলেই স্বপ্রণোদিত হয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যোগ দিয়েছেন। বিএনপি নিজেরাই জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে যায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, আবারও প্রমাণ হয়েছে তারা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা তাদের মাঝে বিন্দুমাত্র নেই। তাই তারা আসেনি। এসময় তিনি বলেন, ‘অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। এ থেকে তারা বের হতে পারেনি। বিএনপির নামধারী মুক্তিযোদ্ধারা গতকাল অনুষ্ঠানে আসেনি। কিন্তু হাজার হাজার মুক্তিযোদ্ধারা গতকাল ওই অনুষ্ঠানে এসেছে।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান দেশের প্রথম প্রেসিডেন্ট। তারেকের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান মুজিবনগর সরকারের সময় ৫শ টাকা বেতনের কর্মচারী ছিলেন। সরকারী নথি-পত্র দেখলে প্রমাণিত হয়ে যাবে। তিনি কিভাবে দেশের প্রথম প্রেসিডেন্ট দাবি করেন।