April 22, 2026
আগামী বছরের জুন মাসে স্থায়ীভাবে চালু হতে পারে গুগলের বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট লুনের কার্যক্রম। মূলত বিশ্বের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকায় বেলুনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এ প্রোজেক্ট হাতে নিয়েছে গুগল। গত বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ হাতে নেয় গুগল যা Google X এর একটি অংশ। দীর্ঘ এক বছর নানা পরীক্ষা নিরীক্ষার পর এবার জানানো হল আগামী বছরের জুনেই হতে যাচ্ছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। এই মাসের শুরুর দিকে Google X এর প্রোজেক্ট ডিরেক্টর মাইক ক্যাসিডি ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পিয়াউইতে Project Loon এর এক পরীক্ষা চালান। তারা সেখানকার এক পল্লী অঞ্চলে বেশ কয়েকটি বেলুন আকাশে ছাড়েন। তারপর গাড়িতে করে সেগুলোর পিছু নেন। বেশ কিছু সময় পর তারা সেখানকার অ্যাগুয়া ফ্রিয়া নামক একটি স্থানে পৌঁছান যেখানে বাস করে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। এরপর তারা সেখানে একটি গ্রাম্য স্কুল খুঁজে পান যেখানে কখনো উচ্চগতির ইন্টারনেট ছিল না। এমনকি মোবাইলের নেটওয়ার্ক সিগনাল পেতে মাঝে মাঝে গাছে উঠতে হত। তিনি ক্যাসিডি কিছুক্ষণ পর দেখেন তাদের একটি বেলুন স্কুলের দিকে উড়ে আসছে। তারপর সেই স্কুলের শিক্ষক বেলুনের উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে তার স্কুলের জন্য বেশ কিছু শিক্ষা উপকরন এবং লেকচার নামিয়ে নিলেন গুগল এবং উইকিপিডিয়া থেকে।
ক্যাসিডি স্কুলের কয়েকজন ছাত্রের সাথে কথা বলেন। তাদের একজন হতে চায় ইঞ্জিনিয়ার, আরেকজন চিকিৎসক। তিনি মনে করেন, তার এই প্রোজেক্টের সহায়তা পেলে এসব সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন সফল হবে। গুগল যখন প্রথম এই প্রকল্পের কাজ হাতে নেয়, তখন অনেকেই এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। তবে গুগল জানিয়েছে, চালুর পর থেকে এটি এখন পর্যন্ত বেশ সফল। তারা বেলুন আকাশে উড়ার সময় আরও বাড়াতে সক্ষম হয়েছেন। আর গুগলের বর্তমান লক্ষ্য হচ্ছে ৬০,০০০ ফুট উপর দিয়ে এই বেলুন পরিচালনা করা।