April 18, 2026
আন্তর্জতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার দণ্ডাদেশ শর্তসাপেক্ষে দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই নির্দেশ দেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনে জানানো হয়, দুর্নীতির দায়ে চার বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জয়ললিতার দণ্ড দুই মাসের জন্য স্থগিত করেছেন আদালত। তবে কর্ণাটক রাজ্যের হাইকোর্টে দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পক্ষে আনুষঙ্গিক সব কাগজ ও নথি দেওয়ার শর্তে তাঁকে এ জামিন দেওয়া হয়। আদেশে আদালত বলেন, ১৮ ডিসেম্বরের মধ্যে সব কাগজপত্র জমা দিতে না পারলে জয়ললিতাকে কারাগারে ফিরে যেতে হবে। এ ছাড়া এ মামলার চারপতিদের বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করা থেকে বিরত থাকতে জয়ললিতার দল এআইএডিএমকের সদস্যদের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সহিংসতা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। জয়ললিতা যেন আপিলের বিষয়ে চলা মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা না করেন, এ বিষয়ে তাঁকে সতর্ক করেছেন আদালত। গত ২৭ সেপ্টেম্বর থেকে জেলে ছিলেন জয়ললিতা।