May 18, 2026
বিনোদন ডেস্ক: বছরের প্রথম ছবি মুক্তি পাচ্ছে শাবনূরের। ছবির নাম ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন। ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে শাবনূরের নায়ক হিসেবে আছেন ফেরদৌস। এছাড়া ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমী। ত্রিভুজ কেন্দ্রিক প্রেম সম্পর্ককে কেন্দ্র করে ছবির গল্প গড়ে উঠেছে। ছবির শুটিংকালীন শাবনূর বলেছেন, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের বেশিরভাগ ছবিতেই আমি অভিনয় করেছি।
তার ছবিতে আমার বরাবরই প্রাধান্য ছিল। এ ছবিতেও তার ব্যতিক্রম নয়। তবে এবার আমার সঙ্গে আরও আছেন মৌসুমী আপু। দু’জনে মিলে বেশ ভালই কাজ করেছি। শাবনূর অভিনীত শেষ ছবি মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও বি.বাড়িয়া ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্র ‘শিরি-ফরহাদ’। ছবিতে শাবনূরের নায়ক ছিলেন রিয়াজ। ‘শিরি ফরহাদ’ ছিল শাবনূরের অভিনয় জীবনের শেষ ছবি। এছাড়া শাবনূর অভিনীত নির্মাণাধীন রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘এমনও তো প্রেম হয়’ এবং মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘অবুঝ ভালোবাসা’। এছাড়া প্রয়াত এমএম সরকারের পরিচালনায় ‘পাগল মানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর।