পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজকীয় বিয়ে

Posted on June 23, 2013 | in খেলাধুলা | by

tamim-wedding

রাজকীয় বিয়ে হয়ে গেল ক্রিকেটার তামিম ইকবালের। বিয়ের কাবিন ধরা হয়েছে ৫০ লাখ টাকা। অতিথি এসেছিলেন ১০ হাজারের বেশি। মেন্যুতে ছিল ২০ পদের সুস্বাদু সব খাবার। বিয়েতে কেনা হয়েছে ৩০ লাখ টাকার কাপড়। পুত্রবধূকে দেয়া হচ্ছে ৫০ ভরি স্বর্ণালঙ্কার। ব্যয়ের লিস্টটা যেন বাড়ছেই । হবে না কেন? দেশসেরা হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবালের বিয়ে বলে কথা!
প্রিয় তারকার আলিঙ্গনের মুহূর্ত নিয়ে সর্বত্র হৈ চৈ থাকবে- এমনটাই স্বাভাবিক। ফেসবুক, টুইটার কিংবা বিদেশী মিডিয়ায় এখন সরগরম বাংলাদেশী ক্রিকেটার তামিমের বিয়ের খবর। সেখানে কি হচ্ছে, অতিথি কারা আসছেন, কোন ধরনের খাবার ঠাঁই পাচ্ছে, যাকে বিয়ে করছেন তার সঙ্গে প্রেম হলো কিভাবে কৌতূহল শেষ হয় না তামিম-ভক্তদের।
শুক্রবার সন্ধ্যায় গায়ে হলুদের খবরে হৃদয় ভেঙেছে তামিমের মেয়ে ফ্যানদের। তবে গতকাল রাতে চট্টগ্রাম ক্লাবের বিয়ের অনুষ্ঠানে প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে কাছে পাওয়ার সনদ পেয়ে গেলেন আকরাম খানের ভাইপো। তামিম ইকবাল ডাউন দ্য উইকেটে খেলতে ভালবাসেন। আর সেই ঘোর থেকেই বোল্ড হয়ে গিয়েছিলেন সুন্দরী আয়েশার চোখের জাদুতে।
লুকিয়ে লুকিয়ে প্রেম আর নয়। মুহূর্ত এখন একান্তে সময় কাটানোর। তামিমের ভাষায় ‘সেকেন্ড ইনিংস’। আয়েশা চট্টগ্রামের মেয়ে। মালয়েশিয়া থেকে সদ্য পড়াশোনা শেষ করেছেন। তাদের বিয়েতে গত রাতে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের কর্মকর্তারা। বিয়ে উপলক্ষে কাজীর দেউড়ির বাড়িটি সেজেছিল নানান সাজে। বাড়িটিকে সবাই ‘খান বাড়ি’ বলেই চেনে। পরিবারের প্রত্যেকে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত।
বাড়ি থেকে একটু সামনে এগোলেই চট্টগ্রাম ক্লাব। সেখানেই বসেছে তামিমের বিয়ের আসর। সন্ধ্যা থেকেই গেইটের সামনে দেখা গেল শ’ শ’ মানুষের ভিড়। জটলা। পরিস্থিতি এমন যে, সবাই গেইট ভেঙে ভেতরে ঢুকে পড়বে। দেশসেরা তারকার বিয়ে। বাড়তি নিরাপত্তা তো একটু থাকবেই।
অনুষ্ঠানে যোগ দিতে এসে আয়োজন দেখে মুগ্ধ হয়ে গেলেন অতিথিরা। কি ছিল না খাবারের তালিকায়? গরু, খাসি, মুরগি, পোলাও, কোর্মা, রেজালা, কিমা, নানান পদের সালাদ, ফিরনি, পানীয় কত কি!
রাত ৯টায় একটি কারে চড়ে বিয়ের আসরে হাজির হন তামিম ইকবাল। সঙ্গে স্কুলের বন্ধুরা। ছিলেন পরিবারের সদস্যরাও। চারদিকে চিৎকার পড়ে গেল। তামিম গাড়ির কাঁচ খুলে একজনকে জিজ্ঞেস করলেন, ‘সবাই খেয়েছে কিনা’। এরপর তিনি দরজা খুলে নেমে সবার সঙ্গে হাত মেলালেন। কুশলাদি বিনিময় করলেন। মঞ্চে গিয়ে বসলেন।
তার সঙ্গে ছবি তুলতে হুড়মুড় লেগে যায়। ছোট, বড়, সব বয়সী লোকজনের কোলাহলে মুখর হয়ে ওঠে বিয়ের চারপাশ।
প্রিয় ক্রিকেটার তামিমের বিয়েতে ঢাকা থেকে দু’দিনের সফরে চট্টগ্রাম এসেছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এই বিষয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘দারুণ লাগছে। আশা করছি বিয়ের পর তামিম চারছক্কা আরও বেশি করে পিটাবে। তার হবু বউয়ের সঙ্গে বোঝাপড়া নাকি ভাল। শুনে খুব খুশি হয়েছি। তাদের সাফল্য কামনা করছি।’
একই রকম কথা বলেন আরেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘তামিম আকরাম ভাইয়ের ভাইপো। তার চেয়ে বড় পরিচয় সে দেশের গর্ব। সবার প্রিয় তারকা। তার খেলা আমারও ভাল লাগে। আকরাম ভাই যখন দাওয়াত দিলেন তখন খুব কষ্ট করে সময় বের করলাম। ভীষণ মুগ্ধ আয়োজন দেখে।’
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে দারুণ খুশি বলে অভিমত ব্যক্ত করলেন জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামসহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরা। তবে ক্রিকেটারদের ক্যাম্প চলায়  কেউই আসতে পারেননি। তাই ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
তামিমের বিয়েতে আশীর্বাদ করেছেন চট্টগ্রামের বর্তমান মেয়র মনজুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি, প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনসহ চট্টগ্রামের বিভিন্ন স্তরের লোকজন।
কথা হয় তামিমের মা নুশরাত ইকবালের সঙ্গে। এই বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, ‘আল্লাহ্‌র ইচ্ছাতেই আসলে সবকিছু সম্ভব হয়েছে। নতুন বউমাকে কাছে পেয়ে আনন্দিত গোটা পরিবার। এখানেই আয়োজনটা শেষ হয়ে যাচ্ছে না। চলবে এক সপ্তাহ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud