শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। পুরো মাস জুড়ে সবার মাঝেই থাকে বিশেষ কিছু প্রস্তুতি। আর এ প্রস্তুতির কাজ সহজ করে দিতে দেশীয় অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লেষ্টোর থেকে বিনামূল্যে নামিয়ে নিতে পারবে রমজান অ্যাপ্লিকেশনটি। চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটির ব্যবহারবিধি।

রমজানের ক্যালেন্ডার
আরবী মাসের কথা জানে সবাই কিন্তু হিসাব রাখে না কেউ। রমজান মাস আসলেই কেবল আরবী তারিখের প্রয়োজনীয়তা অনুভব করে সবাই। আর তাই রমজান মাসের ক্যালেন্ডার সুন্দরভাবে দেয়া আছে অ্যাপটিতে। প্রয়োজন অনুযায়ী তারিখ দেথে নিলেই হলো।
সেহরির অ্যালার্ম
প্রতিদিন সেহরির সময় স্বয়ংক্রীয়ভাবে অ্যালার্ম বাজিয়ে ব্যবহারকারীদের সতর্ক করবে এই অ্যাপ্লিকেশন। রাতে দেরি করে ঘুমানোর কারণে অনেকেই সেহরিতে সময়মতো উঠতে পারেনা। ফলে মিস হয়ে যায় রমজান মাসের একটি সুন্নত কাজ। না থেয়ে কষ্ট করে রোযা রাখা কষ্টকর। অথচ রমজান অ্যাপটি অ্যানড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করা থাকলে সহজেই প্রতিদিনের সেহরি প্রতিদিন সময়মতোই খাওয়া যাবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের জন্য আলাদা আলাদা সময় দেয়া আছে অ্যাপ্লিকেশনটিতে। ব্যবহারকারীরা যার যার স্থান অনুযায়ী সময় দেখে নিয়ে অ্যালার্ম সেট করতে পারবে।
দোয়া
রোযা রাখলাম কিন্তু রোযার নিয়ত করলাম না। এমন যদি হয় তবে কষ্টটাই বৃথা যাবে। রোযা রাখতে হলে নিয়ত করতেই হবে। অ্যাপটিতে রোযার নিয়ত স্পষ্ট করে আরবী ও বাংলা ভাষায় দেয়া আছে। নিয়ত ভুলে গেলেও তাই কোন চিন্তা নেই। সহজেই দেখে দেখে পড়ে নিতে পারবে ব্যবহারকারীরা। দোয়া ফিচারের আওতায় আরো আছে ইফতারের দোয়া। রোযা ভাঙ্গার সময়ও দোয়া পড়ে নিতে হয়। ভুলো মনের কারণে প্রতিদিনের অনেক দোয়াই আমরা ভুলে যাই। আর যেখানে বছরে মাত্র একটি মাসেই কেবল ইফতারের দোয়া পড়তে হয় সেটা অনেকেই মনে রাখতে পারেন না। যারা পারেন না বা অল্প মনে আছে তারা সাহায্য নিতে পারেন রমজার অ্যাপ্লিকেশনটির।
আল কুরআন
রমজান মাসে কুরআন শরীফ তেলওয়াতের অনেক ফজীলত। এ উদ্দেশ্যে অনেকেই এ পবিত্র মাসে কুরআন শরীফ তেলওয়াত করে থাকে। তবে ব্যস্ততার কারণে অনেক সময়ই কুরআর শরীফ নিয়ে বসা হয়ে ওঠে না। এমসিসি তাদের অ্যাপে আল কুরআন নামের একটি ফিচার যুক্ত করেছে যেখানে আছে আরবী এ বাংলা ভাষায় কুরআন পড়ার সুবিধা, লাইভ কুরআন তিলওয়াত শোনার পাশাপাশি পিডিএফ আকারে পুরো কুরআন শরীফ হাতের মুঠোয় পাওয়ার সুযোগ। ফলে রাস্তায় চলাফেরার করার সময় কিংবা সফররত অবস্থায় সহজেই পড়ে নেয়া যাবে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন।
তারাবির নামাজ
রমজান মাস মানেই তারাবির নামাজ। ইফতার শেষ করতে না করতেই এশার নামাজের সময় হয়ে যায়। এশার নামাজ পড়া শেষ হতে না হতে শুরু হয় ২০ রাকাতের তারাবির নামাজ। তারাবির নামাজেরও অনেক ফজীলত। পুরো মাস জুড়ে প্রতিদিন ২০ রাকাত তারাবির নামাজে পুরো কুরআন শরীফ পড়ে খতম করা হয়। সবাই সাধারন কিছু নিয়ম জানলেও অনেকেই তারাবির নামাজ সম্পর্কে বিস্তারিত জানেনা। তারাবির নামাজের বিবরণ থেকে শুরু করে নিয়ত, নামাজ পড়া অবস্থায় সূরা মিলাবার নিয়ম, প্রতি চার রাকাত অন্তর অন্তর দোয়া পড়া, ২০ রাকাত তারাবির নামাজ পড়ার পর দোয়া পড়া পর্যন্ত সবকিছুর বিস্তারিত তুলে ধরা হয়েছে অ্যাপ্লিকেশনটিতে।
তসবিহ পাঠ
তসবিহ পাঠের গুরুত্ব অনেক। অনেকেই সময় পেলেই তসবিহ পাঠ করে। রমজান মাসে তসবিহ পাঠের হিসাব রাখার জন্য অ্যাপটিতে আছে ডিজিটাল হিসাব ফিচার। তসবিহ ক্যাটাগরিতে গেলেই ঘড়ির মতো দেখতে একটি কাউন্টডাউন মিটার যন্ত্র আছে। সেখানে নির্দিষ্ট অংশে টাচ করার মাধ্যমে তসবিহ পাঠের হিসাব রাখা যায়।
কম্পাস
অপরিচিত স্থানে গিয়ে নামাজ পড়তে গেলে কেবলা কোন দিকে তা নিয়ে সমস্যায় পড়তে হয়। এ সমস্যা থেকে রেহাই পেতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে কম্পাস। কেবলামুখী হওয়াতে আর কোন ঝামেলাই পোহাতে হবে না নামাজীদের।
এছাড়া অ্যাপটিতে আছে রোযা ভঙ্গের বিভিন্ন কারণ। এমন অনেক কাজ আছে যেসব কারনে রোযা ভেঙ্গে যায়। কি কি কারনে রোযা ভাঙ্গে তা সাজানো আছে উপরোক্ত দোয়া ক্যাটাগরিতে। এছাড়া কোন কোন দিন রোযা রাখা হারাম, রোযা ভেঙ্গে গেলে কবে ও কিভাবে তা ক্বাযা আদায় করতে হয় সেসবের নিয়মও দেয়া আছে এ ক্যাটাগরিতে।
মাল্টিমিডিয়া কন্টেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ও ই-কমার্স প্রযুক্তি নিয়েই মূলত কাজ করে এমসিসি লি:। এমসিসি লি: একটি পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় গেম, ফিল্ম প্রোডাকশন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং ই-লার্নিং নিয়ে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রমজান নামের অ্যাপ্লিকেশনটি তৈরি প্রসঙ্গে এমসিসির ঊর্ধ্বতন সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সঠিক নিয়মে রোজা পালন এবং রমজানের বিভিন্ন নিয়ম সহজে জানার সুযোগ করে দিতে অ্যাপটি তৈরি করা হয়েছে।